‘দুর্দিনের’ নেতা-কর্মীদের ‘সুদিনের’ কমিটিতে ঠাঁই মিলছে না—এমন অভিযোগ উঠেছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে। নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ দেখা গেছে।
১৮ বছর পর গত বছরের ১৪ নভেম্বর জেলা আওয়ামী লীগ সম্মেলন করে আংশিক কমিটি ঘোষণা করে। ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্র থেকে আসা নেতারা মো. শাহজাহান মিয়া ও খান মোশাররফ হোসেনকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রেখে ২৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।
তৃণমূল নেতা-কর্মীরা বলেন, সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে চাঙা করার চেষ্টা হয়েছে। কিন্তু দল ক্ষমতায় থাকলে ‘নব্য আওয়ামী লীগারের’ ভিড় বাড়ে। কমিটিতে স্থান করে নিতে তাঁদের তৎপরতায় অনেকটা অসহায় হয়ে পড়েছেন দুর্দিনের নেতা-কর্মীরা। ফলে মাঠের অনেক নেতা এখন দ্বিধাদ্বন্দ্বে সময় কাটাচ্ছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসের আমু, ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। এ ছাড়া চিফ হুইপ আ স ম ফিরোজ, স্থানীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মাহাবুবুর রহমান তালুকদার ও লুৎফুন নেছা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালাম সিকদার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন সম্মেলন হয়নি, এবার হয়েছে। আশা ছিল, আমাদের মতো দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করা হবে। কিন্তু আংশিক কমিটিতে কতিপয় বিতর্কিত ব্যক্তি স্থান পেয়েছে। তারপরও আশা করি, যারা বিগত দিনে দলে সক্রিয় ছিল, তাদের মূল্যায়ন করা হবে।’
সাইফুল আহসান পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘নব্য আওয়ামী লীগ ও সুবিধাভোগীদের কাছে মাঠের নেতা-কর্মীরা অসহায় হয়ে পড়ছে। আমরা উপেক্ষিত ও বঞ্চিত। দলের দুর্দিনে সুবিধাভোগীদের আর খুঁজে পাওয়া যাবে না। এখনো সময় আছে, জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের উচিত এটা ভেবে দেখার।’
আংশিক কমিটিতে নব্য আওয়ামী লীগে স্থান পাওয়ার অভিযোগ নিয়ে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা হয়। কিন্তু এ বিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক নেতা বলেন, ‘আসলে সভাপতি-সাধারণ সম্পাদক কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। ২৮ জনের বাকি সদস্যরা কেন্দ্রীয় নেতাদের পছন্দ অনুযায়ী কমিটিতে স্থান পেয়েছেন। তারপর যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে, সেখানে পঁচাত্তর-পরবর্তী আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্তদের (তৎকালীন ছাত্রলীগ-যুবলীগ) যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। অথচ দীর্ঘ ১৮ বছর এরা আশায় বুক বেঁধে আছে।’
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে অনেক নব্য আওয়ামী লীগার ঢুকে পড়েছে। ভবিষ্যতে কোনো বিপর্যয় দেখা দিলে এঁরা দলে থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এসব কারণে জেলা আওয়ামী লীগের শুভার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, সম্মেলন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। কিন্তু কমিটি অনুমোদন করা হয়নি। তিনি বলেন, ‘তবে ত্যাগী নেতা-কর্মীরা কমিটিতে ঠাঁই পাচ্ছেন না, এটা সঠিক নয়। আমরা নবীন-প্রবীণ ও দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মী যারা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের নিয়েই নতুন কমিটি কেন্দ্রে পাঠিয়েছি।’