‘ব্যাংকের অর্থ যাঁরা লোপাট করেছেন তাঁরা বড় ব্যবসায়ী। ক্ষুদ্র ব্যবসায়ীরা জান-মাল সব দিয়ে দায় শোধ করেন। ১০০ মানুষ বেশির ভাগ ব্যাংকের টাকা (ঋণ)নিয়ে নিয়েছেন। এই টাকা ১৬ কোটি মানুষকে ব্যবহারের সুযোগ না দিলে দেশ এগিয়ে যাবে না।’ গতকাল সকালে চট্টগ্রামের আগ্রাবাদের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ‘আন্তর্জাতিক এসএমই মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সাংসদ এম এ লতিফ।
তিন দিনব্যাপী এ মেলায় ৫৮টি স্টলে ৫৩টি প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) ছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি মেলায় অংশ নিচ্ছে। মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশের শতকরা ৯০ ভাগ শিল্প ও ব্যবসা এসএমই খাতের আওতাভুক্ত। এ খাত দেশের অর্থনৈতিক কার্যক্রমের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে। শিল্প কর্মসংস্থানের শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ সৃষ্টি হচ্ছে এ খাত থেকে। এসএমই খাতের ওপর ভর করেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এসএমই নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে, উল্লেখ করে এতে পরামর্শ ও সুপারিশ তুলে ধরার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সাংসদ এম এ লতিফ বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পেতে ঝামেলা পোহাতে হয়। অর্থনীতি এগিয়ে নিতে হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন, মেলা কমিটির আহ্বায়ক মাহফুজুল হক শাহ, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার প্রমুখ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।