'৩৩ ক্রেডিট' পদ্ধতি বাতিলের দাবিতে অবরুদ্ধ উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান ধর্মঘট পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা প্রশাসন ভবনের প্রবেশপথে নিজেদের রক্ত দিয়ে ৩৩ ক্রেডিট বাতিলের জন্য স্লোগান লিখেছেন। গতকাল শনিবার পর্যন্ত ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল না করার সিদ্ধান্তে অনড় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসন ভবনের প্রবেশপথে বিভিন্ন জায়গায় রক্ত দিয়ে লেখা রয়েছে ‘৩৩ ব্যান’। রক্ত সংগ্রহের জন্য ব্যবহৃত সিরিঞ্জগুলো পাশাপাশি রেখে সাজানো হয়েছে ‘৩৩’। পাশ দিয়ে কয়েকজন শিক্ষার্থী মাটিতে বসে আছেন। অন্যদিকে প্রায় ২০০ শিক্ষার্থী প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে আছেন। এ সময় তাঁরা ৩৩ ক্রেডিট বাতিল চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হওয়ার পর একটি বিক্ষোভ মিছিল করেন। এরপর সিরিঞ্জ ব্যবহার করে নিজেদের শরীর থেকে রক্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রবেশপথে ঢেলে সেখানে অবস্থান নেন। বেলা দুইটার দিকে প্রশাসন ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান ধর্মঘট পালন করছিলেন। এ সময় উপাচার্যের দপ্তরে বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকও অবরুদ্ধ অবস্থায় ছিলেন।