মাঘের বিদায়লগ্নে ফাল্গুন আসি আসি করছে। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিতে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। চারদিকে যেন উৎসবের আমেজ। এমনই এক সকালে খুদে গণিতবিদেরা জড়ো হয় রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে। গণিতের ভীতি জয়ের উৎসবে এসে দিনভর শিক্ষার্থীরা মাতে আনন্দ-উৎসবে, দেখে বিশ্বজয়ের স্বপ্ন।
‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩’-এর জাতীয় পর্ব আজ শুক্রবার সকালে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়। দুই দিনব্যাপী এই উৎসবে আঞ্চলিক পর্বে বিজয়ী ১ হাজার ২৪৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করে।
উৎসবের শুরু
শুরুতেই শিক্ষার্থীরা নিজ অঞ্চলের বুথে নাম নিবন্ধন করে সংগ্রহ করে উৎসবের পরিচয়পত্র ও লাল-সবুজের ব্যান্ডানা। সকাল নয়টায় উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। জাতীয় সংগীত পরিবেশন করে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি ও সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা। তিনি বলেন, অন্যান্য বছরের মতো গণিত উৎসবের এবারের আয়োজনেও অংশ নিতে পেরে আমরা আনন্দিত।
যা বললেন অতিথিরা
শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, এই অলিম্পিয়াডের মধ্য দিয়ে দেশে গণিতের সংস্কৃতি শুরু হয়। এই গণিত উৎসবের ফলে সারা পৃথিবীতে বাংলাদেশের একটা শ্রেয় ভাবমূর্তি তৈরি হয়েছে। আমরা একটি থিঙ্কিং ন্যাশন (চিন্তক জাতি) তৈরি করতে চাই৷ এর জন্য গণিত আবশ্যক। এমন কোনো বিষয় নেই, যেখানে গণিত ছাড়া চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের সাবেক অধ্যাপক অমল কৃষ্ণ হালদার বলেন, তোমাদের মাঝেই আমাদের আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ। আগামী বিশ্ব হবে চতুর্থ শিল্পবিপ্লবের। সেখানে জয়ী হতে গেলে গণিত হবে শ্রেষ্ঠ হাতিয়ার। তোমরা সেই হাতিয়ার ধরে এগিয়ে নেবে দেশকে।
সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা পেয়েছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি। এই মাসে এই অনুষ্ঠানে প্রত্যাশা দেশের আশা-আকাঙ্ক্ষা তোমাদের দিয়ে পূরণ হবে।
গণিতে ভালো না হলে বড় হওয়া যাবে না বলে মন্তব্য করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, অনেক না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না। পাঠ্যবই পড়তে হবে, পত্রিকা-ম্যাগাজিন পড়তে হবে। খেলতে হবে, কল্পনা করতে হবে। তোমাদের হাত ধরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ আরও সোনা জিতবে।
শিক্ষার্থীদের উদ্দেশে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, তোমাদের দিকে সারা বিশ্ব তাকিয়ে। গণিত না শিখলে এগিয়ে যাওয়া যাবে না। এই শিক্ষার্থীরাই একদিন হবে গণিতবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী। বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়ে পড়বে বাংলাদেশের শিক্ষার্থীরা।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, গণিত উৎসবে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসে। তাদের হাসিমুখ, সরব উপস্থিতি মন ভালো করে দেয়। প্রথম আলো ২৫ বছরে পা রাখছে। বাংলাদেশের যা কিছু ভালো, তার সঙ্গে থাকতে চায় প্রথম আলো। আমাদের একটাই লক্ষ্য, সব বিষয়ে বাংলাদেশের জয় দেখতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, মনোচিকিৎসক মোহিত কামাল ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। বেলুন উড়িয়ে সূচনা করা হয় গণিতের এই মহোৎসবের।
পরীক্ষা পর্ব
উদ্বোধনী পর্বের পর সকাল ৯টা ৫৫ মিনিটে শুরু হয় গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব। প্রাইমারি দুই ঘণ্টা, জুনিয়র তিন ঘণ্টা, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা চলে সাড়ে তিন ঘণ্টা।
যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থী নাহিদ সাদমান এবার নিয়ে সপ্তমবারের মতো গণিত উৎসবে অংশ নিয়েছে। এর মধ্যে পাঁচবারই জাতীয় পর্ব পর্যন্ত এসেছে। এবার নাহিদের সঙ্গে তার ছোট ভাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিশাদ হাসানাতও জাতীয় পর্বে অংশ নিচ্ছে৷ নাহিদ বলল, ‘ক্লাস সিক্সে পড়ার সময় থেকে এই উৎসবে অংশ নিই। এখানে আসতে ভালো লাগে। আলাদা করে প্রস্তুতি নিই৷’
শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন
পরীক্ষা শেষে খুদে গণিতবিদেরা আবারও মাঠে জড়ো হয়। দুপুরের বিরতির পর মঞ্চে যক্ষ্মা সচেতনতা নিয়ে গম্ভীরা গান পরিবেশন করেন জলপুতুলের শিল্পীরা৷ জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএআইডিস অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ কার্যক্রম এই গম্ভীরার আয়োজন করে। উৎসবে প্রাথমিক চিকিৎসাসহায়তা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।
এরপর শুরু হয় রুবিকস কিউব প্রতিযোগিতার বাছাই পর্ব। আজ শনিবার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। মুখ দিয়ে নানা বাদ্যযন্ত্রের শব্দ করে বিটবক্সিং করে শোনান ‘বিটমসফিয়ার’-এর সদস্যরা।
বাংলাদেশের তিন আন্তর্জাতিক দাবাড়ু প্রদর্শনী দাবাতে অংশ নেন শিক্ষার্থীদের সঙ্গে। তাঁরা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার। ‘সিমুলট্যানিয়াস চেজ’ নামের এই প্রতিযোগিতায় একই সময়ে মোট ৪৫ শিক্ষার্থীর সঙ্গে খেলেন এই তিন দাবাড়ু। এই আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ দাবা ফেডারেশন। জিয়াউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছোটবেলা থেকেই দাবার চর্চা শুরু করতে হয়। এই শিক্ষার্থীদের মধ্য থেকেই পরবর্তী গ্র্যান্ডমাস্টার হবে।
অভিভাবকেরা জানালেন অনুভূতি, দিলেন পরামর্শ
মঞ্চে নানা আয়োজনের ফাঁকে অভিভাবকদের জন্যও ছিল কিছুটা সময়। তাঁরা গণিত উৎসব নিয়ে নিজেদের অনুভূতি জানান, বিভিন্ন পরামর্শ দেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আলম শিকদার বলেন, ছেলের গণিতের প্রতি আগ্রহ তৈরি করেছে এই উৎসব; গণিতের ভয় দূর করেছে।
কক্সবাজারের রামু থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে রেজওয়ানা মাহমুদকে নিয়ে উৎসবে এসেছিলেন রিয়াজ মাহমুদ। পেশায় তিনি ব্যাংকার। তিনি বলেন, গণিতের যে আনন্দের দিক, সেটি বুঝতে ও শিখতে পারছে ছেলেমেয়েরা।
এই পর্বে মনোচিকিৎসক মোহিত কামাল বলেন, ছেলেমেয়েরা পুরস্কার না পেলে অভিভাবকদের মন খারাপ হয়। কিন্তু ছেলেমেয়েদের মন বেশি খারাপ হয়। বাবা-মা বকা দিলে তা আরও বেড়ে যায়। তাই পুরস্কার না পেলেও সন্তানদের বাহবা দিতে হবে, উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর জাহিদ হোসাইন খান ও স্বেচ্ছাসেবক ফাতেমা ফারজানা। আজ উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে আটটায় সুডোকু প্রতিযোগিতার মধ্য দিয়ে। গণিতের পট, সেরা গণিত ক্লাবের সম্মাননাসহ সমাপনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ বছরের গণিত উৎসব।
উৎসবে আরও যারা অংশ নিল
গণিত উৎসবস্থলে ছিল প্রথমা প্রকাশন, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, তাম্রলিপি, দ্বিমিক, ল্যাববাংলা, আদর্শ, স্বপ্ন'৭১, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, অন্যরকম বিজ্ঞানবাক্স, বাংলার ম্যাথ, প্রথম আলো বন্ধুসভা, জেআরসি বোর্ড, ভার্চ্যুয়াল রোবোটিকস টুলকিট বাংলাদেশ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), দাবায় কিস্তিমাত ও যোসেফাইট ম্যাথ ক্লাবের স্টল। যক্ষ্মা নিয়ে সচেতনতামূলক প্রচার ও বিনা মূল্যে যক্ষ্মা নির্ণয় ক্যাম্প করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। উৎসবে প্রাথমিক চিকিৎসা সহায়তা দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।
এবারের আয়োজন নিয়ে কিছু কথা
এবার উৎসবের মধ্য দিয়ে চলতি বছরের জুলাই মাসে জাপানের চিবা শহরে অনুষ্ঠেয় ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হচ্ছে। এবার গণিত উৎসবের জন্য সারা দেশ থেকে অনলাইনে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ২০টি শহরে ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হয়।
উৎসবের অন্যান্য খবর মিলবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট matholympiad.org.bd এবং facebook.com/BdMOC অফিশিয়াল ফেসবুক পেজে।