শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা বাতিলের দাবি ছাত্র ফ্রন্টের

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টফাইল ছবি

দেশে জ্বালানিসংকটের কারণ দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর পরিকল্পনাকে ‘অবিবেচনাপ্রসূত ও শিক্ষাবিরোধী’ আখ্যা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এই পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সই করা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ছাত্র ফ্রন্টের নেতারা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের পদক্ষেপ শিক্ষাব্যবস্থাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। করোনা মহামারির সময় অনলাইন ক্লাস চালুর ফলে যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে, তা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি।। শিক্ষার্থীদের শেখার ক্ষমতা দুর্বল হয়েছে, মনোযোগ কমেছে এবং জ্ঞান অর্জনের গভীরতা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ওই ব্যর্থ অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা না নিয়ে আবার একই পথে হাঁটা সম্পূর্ণ অযৌক্তিক ও শিক্ষাবিরোধী বলে মনে করেন তাঁরা।

অনলাইন ক্লাসের কারণে শিক্ষার্থীদের মধ্যে মুঠোফোন ও ডিজিটাল যন্ত্রের ওপর অতিনির্ভরতা এবং আসক্তি ভয়াবহভাবে বেড়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

ছাত্র ফ্রন্টের নেতারা আরও বলেন, ‘সরকার একদিকে বলছে, জ্বালানির কোনো সংকট নেই, আবার জ্বালানিসংকটের কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর কথা ভাবছে। এটা সম্পূর্ণ দ্বিচারিতা। সব ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট, বিলাসবহুল আয়োজন, এসি, আলোকসজ্জা—সব চলছে। বন্ধ শুধু স্কুল-কলেজ!’

আওয়ামী লীগ সরকারের জায়গায় বিএনপি সরকার এলেও শিক্ষাব্যবস্থার ওপর আক্রমণ বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।