ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং সেমিস্টারে নবীনবরণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। শনিবার রাজধানীর গ্রীন রোডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং–২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আলাউদ্দিন।
এম আলাউদ্দিন বলেন, নবাগত শিক্ষার্থীদের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে।
এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ শাহরিয়ার ও ছাত্র কল্যাণ অফিসের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শাহরিয়ার আনাম। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের দুজন প্রাক্তন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরাও অনুষ্ঠানে নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।