যত বেশি হামলা হবে, আন্দোলনও তত বেশি জোরদার হবে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খুন, গুম, গায়েবি মামলা ও নির্যাতন করে বাংলাদেশের মানুষের আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি বলেন, যত বেশি হামলা–গ্রেপ্তার হবে, তত বেশি আন্দোলন জোরদার হবে। বেশি মামলা করলে বেশি মানুষ রাস্তায় নেমে আসবেন।
মঙ্গলবার বিকেলে নগরের সাগরিকা মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন। সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকের পদযাত্রা থেকে মানুষ সরকারকে বিদায় হওয়ার বার্তা দিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। এই বার্তা যদি দখলদার, অবৈধ সরকার বুঝতে না পারে, তাহলে তাদের জন্য আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেমের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের পরিচালনায় পদযাত্রা শুরুর আগে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
পদযাত্রাটি নগরের সাগরিকা মোড় থেকে শুরু হয়ে পোর্ট কানেক্টিং রোড ও সরাইপাড়া হয়ে হালিশহর নয়াবাজারে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।