ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে আরও ১৯ দিন ফ্লাইট বন্ধ থাকবে বিমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আরও ১৯ দিন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্তগুলো ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে আগের ঘোষণা ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ২৫ অক্টোবর বিমান ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। পরে ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দেয় সংস্থাটি। তবে রিয়াদ রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছিল।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান–সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৮৬টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে বলে গত ৮ নভেম্বর জানিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ১০৯টি।