এক দিনের জন্য বৈশাখী আক্তার ‘নরওয়ের রাষ্ট্রদূত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈশাখী আক্তার
ছবি: প্ল্যান ইন্টারন্যাশনালের সৌজন্যে

এক দিনের জন্য আজ মঙ্গলবার প্রতীকীভাবে বাংলাদেশে নরওয়ে রাষ্ট্রদূতের পদ গ্রহণ করল রাজধানীর ধলপুরের বৈশাখী আক্তার। শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করে বৈশাখী।

রাষ্ট্রদূতের এই প্রতীকী পদ গ্রহণ আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেকওভার’ নামের এক বিশেষ বৈশ্বিক কর্মসূচির অংশ। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২২ উপলক্ষে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বজুড়ে ‘মেয়ে আমি সমানে সমান’ প্রচারের আওতায় এ আয়োজন করা হয়। এ আয়োজনের উদ্দেশ্য হলো কিশোরী ও যুব নারীদের সক্ষমতা তৈরি ও নেতৃত্ব বিকাশে বিশ্বব্যাপী আওয়াজ তোলা। প্ল্যান ইন্টারন্যাশনালের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ বছর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পুরো মাসে ৪০টির বেশি টেকওভারের আয়োজন করেছে, যেখানে বৈশাখীর মতো দেশের নানা প্রান্তের মেয়েরা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সরকারি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ এক দিনের জন্য প্রতীকীভাবে গ্রহণ করবে। সর্বত্র কিশোরী ও যুব নারীদের স্বাধীনতা, সমতা এবং সমান উপস্থাপন নিশ্চিতে জোরালো আওয়াজ তোলার লক্ষ্যে এ আয়োজন।

এক দিনের জন্য নরওয়ের রাষ্ট্রদূত পদে প্রতীকী দায়িত্ব পালন করে বৈশাখী আক্তার বলে, ‘সমান সুযোগ পেলে মেয়েরা পালন করতে পারে না—এমন কোনো দায়িত্ব নেই। সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি ঘরে আমাদের লিঙ্গসমতার বার্তা পৌঁছে দিতে হবে, যেন তারা মেয়েদের অধিকার, ক্ষতিকর লিঙ্গভিত্তিক আচার ও বৈষম্য সম্পর্কে সচেতন হতে পারে।’

বৈশাখী প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন গ্র্যাজুয়েট স্পনসরশিপ। নেতৃত্বের গুণাবলির মাধ্যমে বৈশাখী তার কমিউনিটিতে নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী কমিউনিটির বিরুদ্ধে বিরূপ মনোভাব দূরীকরণে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে কমিউনিটির অভিভাবকদের সঙ্গে কন্যাশিশুদের উচ্চতর পড়াশোনায় এগিয়ে নিতেও অ্যাডভোকেসি চালিয়ে যাচ্ছে।  

এক দিনের জন্য নরওয়ের রাষ্ট্রদূতের প্রতীকী পদ নিয়ে রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করছে বৈশাখী আক্তার
ছবি: প্ল্যান ইন্টারন্যাশনালের সৌজন্যে

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন বলেন, ‘সুশীল সমাজের দীর্ঘকালীন এবং চলমান অ্যাডভোকেসি ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লিঙ্গসমতা-বিষয়ক নরওয়ের কাজের ফলাফল অর্জন করা সম্ভব হতো না। আর এ কারণেই বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের সঙ্গে নরওয়ের দূতাবাসগুলো একসঙ্গে কাজ করে চলেছে, যাতে এই বিশেষ দিনে মেয়ে ও যুব নারীরা একটি বিশেষ প্ল্যাটফর্ম পায় নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য। মেয়েদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে আমাদের মেয়েদের নেতৃত্ব, সংগঠন ও চিন্তাচেতনার বিকাশে গুরুত্ব দিতে হবে।’  

মেয়েদের ক্ষমতায়ন নিশ্চিতের আন্দোলনে প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ ক্যাম্পেইন একটি অন্যতম শক্তিশালী উদ্যোগ। সমান সুযোগ পেলে মেয়েরাও তাদের জীবন ও সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।