সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজ থেকে নামার পর লাগেজের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে লাগেজ সরবরাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যেই যাত্রীদের প্রথম লাগেজ ব্যাগেজ বেল্টে পৌঁছে দিতে হবে। আর উড়োজাহাজের ধরনভেদে সর্বশেষ লাগেজ পৌঁছাতে সময় লাগবে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ থেকে ৪৭ দশমিক ৫ মিনিট।

শুধু লাগেজ সরবরাহই নয়, চেক-ইন, ইমিগ্রেশন, নিরাপত্তা তল্লাশি থেকে শুরু করে গাড়ি পার্কিং পর্যন্ত যাত্রীসেবার প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট সময় ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল সোমবার তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ উপলক্ষে আজ রোববার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী এসব তথ্য জানান।

লাগেজ ও যাত্রীসেবার সময়সীমা

চুক্তি অনুযায়ী, ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে প্রথম লাগেজ ১৫ মিনিটে এবং সর্বশেষ লাগেজ ৪২ দশমিক ৫ মিনিটের মধ্যে বেল্টে পৌঁছে দিতে হবে। ওয়াইড-বডি বা বড় উড়োজাহাজের ক্ষেত্রে সর্বশেষ লাগেজ সরবরাহের সর্বোচ্চ সময়সীমা ৪৭ দশমিক ৫ মিনিট।

চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমাতেও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে চেক-ইন সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি ব্যাগেজ হ্যান্ডলিং, স্বয়ংক্রিয় চেক-ইন, যাত্রী প্রক্রিয়াকরণ ও ফ্লাইট তথ্য প্রদর্শনব্যবস্থা ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে।

অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থা

তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য সেলফ চেক-ইনসহ মোট ১২৭টি চেক-ইন কাউন্টার থাকছে। পাসপোর্ট নিয়ন্ত্রণের জন্য থাকবে ১২৯টি কাউন্টার—যার মধ্যে ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয়। এ ছাড়া অন-অ্যারাইভাল ভিসার জন্য আটটি, ট্রানজিট ও ট্রান্সফারের জন্য ১০টি এবং এয়ারলাইনসের টিকিট বিক্রির জন্য ১৬টি কাউন্টার রাখা হয়েছে। আগমনী (অ্যারাইভাল) যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য থাকছে ১৬টি বড় ব্যাগেজ কনভেয়ার বেল্ট।

উড়োজাহাজে ওঠানামার সুবিধায় টার্মিনালে রয়েছে ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে। নিরাপত্তা তল্লাশির জন্য বসানো হয়েছে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর ও ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র। যাত্রীদের চলাচল সহজ করতে রয়েছে মুভিং ওয়াকওয়ে, এস্কেলেটর ও লিফট। আর বহুতল গাড়ি পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০ গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।

যাত্রীসেবার পাশাপাশি কার্গো পরিবহনেও সক্ষমতা চার গুণ বাড়বে বলে দাবি করেছে বেবিচক। নতুন আমদানি কার্গো টার্মিনালের আয়তন ২৭ হাজার বর্গমিটার এবং রপ্তানি কার্গো টার্মিনালের আয়তন ৩৬ হাজার বর্গমিটার। বছরে এই দুটি টার্মিনালে মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা যাবে। এর মধ্যে আমদানি কার্গো ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন এবং রপ্তানি কার্গো ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন।

পরিচালনার শর্ত, রাজস্ব বণ্টন ও জরিমানা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে টার্মিনালের নির্ধারিত এলাকা হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ এবং ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে।

তবে চুক্তির ১৫ বছর মেয়াদ স্বাক্ষরের দিন থেকে নয়, বরং শাহজালাল বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে গণনা শুরু হবে। আন্তর্জাতিক ফ্লাইট নতুন টার্মিনালে চলে এলে বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে।

চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন কার্গো টার্মিনাল দুটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম কেনা, স্থাপন ও চালুর দায়িত্বও তাদের। তবে রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচলের নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বেবিচকের নিয়ন্ত্রণেই থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার মতো রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।

রাজস্ব বণ্টনের শর্ত অনুযায়ী, কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পৌঁছালে বেবিচকের এই অংশ বেড়ে ২৭ শতাংশ হবে। এ ছাড়া তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে।

সেবার মান নিশ্চিত করতে চুক্তিতে প্রধান কার্যসম্পাদন সূচক (কেপিআই) রাখা হয়েছে। পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, লিফট ও এস্কেলেটরের সচলতা, চেক-ইন, লাগেজ সরবরাহ, কার্গো হ্যান্ডলিং ও গাড়ি পার্কিংসহ বিভিন্ন সেবার মান নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। নির্ধারিত মান অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে প্রতিবার ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

তৃতীয় টার্মিনাল প্রকল্প

২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২১০ কোটি মার্কিন ডলার। প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালের বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে বেবিচক। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ শেষে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা নিয়ে আলোচনা চলছিল। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এবার তা চূড়ান্ত হতে যাচ্ছে।