ইইউর চার নির্বাচনবিশেষজ্ঞ ঢাকায় আসছেন বুধবার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি কারিগরি বিশেষজ্ঞ দল। বিশেষজ্ঞ এই দলটির চার সদস্য বুধবার ঢাকায় পৌঁছানোর কথা।
ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি মঙ্গলবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রোববার থেকে প্রতিনিধিদলটি বাংলাদেশে তাদের দুই মাসের মিশন শুরু করবে। রোববার প্রথমে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।
বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।
চিঠিতে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই চিঠিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করেছিল ইইউ।