সিডনিতে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের দুই দিনের সম্মেলন

সিডনিতে এফবিএমএসএর সম্মেলন সফলভাবে শেষ হওয়ায় আয়োজক ও অতিথিদের উচ্ছ্বাস। অস্ট্রেলিয়া, ২৭ সেপ্টেম্বর ২০২৬ছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের দুই দিনের বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যের বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ)’ এই আয়োজন করে। গত শনি ও রোববার সিডনির পেনরিথে ওয়েস্টার্ন সিডনি কনভেনশন সেন্টারে এ আয়োজনে চিকিৎসক ও তাঁদের স্বজনেরাসহ ছয় শতাধিক অতিথি অংশ নেন।

সম্মেলনের আহ্বায়ক ফাইজুর রেজা প্রথম আলোকে বলেন, ‘শিকড়ের টানে আমরা একত্র হই। বাংলাদেশের চিকিৎসাসেবা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী জিহাদ দিব, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সংগঠন অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস রাজ্য শাখার সভাপতি ফ্রেড বেট্রোস।

প্রথম দিন শনিবার সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশের সংগীতশিল্পী নকীব খান ও স্থানীয় শিল্পীরা।

সম্মেলনের মঞ্চে এক ফ্রেমে আয়োজকের একাংশ ও অতিথিরা
ছবি: প্রথম আলো

রোববার সকালে শুরু হয় বৈজ্ঞানিক অধিবেশন। এতে হৃদ্‌রোগ, ক্যানসার, কিডনি রোগ এবং শিশুদের স্নায়ুরোগের চিকিৎসায় সাম্প্রতিক অগ্রগতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সম্মেলনের বার্ষিক সাধারণ সভায় এফবিএমএসএর নতুন কমিটি গঠন করা হয়। রশিদ আহমেদ সভাপতি এবং গোলাম সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ‘এলিক্সির’ নামে একটি স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

সম্মেলনের বিভিন্ন পর্ব সমন্বয় করেন আয়োজনের সভাপতি নাসিম জেসি চৌধুরী, এফবিএমএসএর বিদায়ী সভাপতি মোশাররফ হোসেন খান এবং আয়োজক সংগঠনের সভাপতি মেহেদী ফারহান প্রমুখ।