ভারতে থেকেও বঙ্গবন্ধুর আলোকচিত্র ভাঙচুরের মামলার আসামি, দাবি বিএনপির
চট্টগ্রাম নগরের জামালখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র ভাঙচুরের ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা জড়িত নন বলে দাবি করেছেন দলটির নগর আহ্বায়ক শাহাদাত হোসেন। এ ঘটনার সঙ্গে যুবলীগ জড়িত বলে দাবি করেন তিনি।
আজ শনিবার দুপুরে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন এ দাবি করেন।
শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় করা মামলার ৪৫ নম্বর আসামি নগর বিএনপির সাবেক সদস্য মো. ইউসুফ ঘটনার দিন (১৪ জুন) দেশেই ছিলেন না। তিনি ভারতে চিকিৎসা নিয়ে ১৫ জুন চট্টগ্রামে আসেন।
চকবাজার ও কোতোয়ালি থানায় করা মামলা সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত—এমন দাবি করে শাহাদাত হোসেন বলেন, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম ও জাহাঙ্গীরকে চকবাজার থানা-পুলিশ বাসা থেকে গ্রেপ্তার করে নির্যাতন করেছে। তাঁদের মারধর করার অধিকার পুলিশকে কে দিয়েছে, সে প্রশ্নও করেন তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম, যুব দলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, ইয়াসিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
১৪ জুন বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে যাওয়ার পথে চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনার রেশে জামালখান মোড়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসসংবলিত স্মারক আলোকচিত্র ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দাবি, বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ভাঙচুর করেছেন। পরে চকবাজার ও কোতোয়ালি থানা-পুলিশ মামলা করে।
মামলার আসামি মো. ইউসুফ প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি ১৪ জুন দেশে না থেকেও মামলার আসামি হয়েছি। পুলিশ আমাকে ফাঁসিয়েছে। ১৫ জুন বিকেল সাড়ে ৫টায় আমি চেন্নাই থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামি। পাশাপাশি রাত পৌনে আটটার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে আসি। এ হয়রানি থেকে মুক্তি চাই।’
শাহাদাত হোসেন ও মো. ইউসুফের দাবি প্রসঙ্গে চকবাজার থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের মজুমদার প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতা শাফায়েত রাজু বাদী হয়ে মামলা করেছেন। তিনিই মো. ইউসুফের নাম দিয়েছিলেন।
এখন তদন্ত করে ইউসুফের দাবির বিষয়ে খতিয়ে দেখা হবে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন, এমন কেউ থাকলে বাদ দেওয়া হবে। নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন পুলিশের এই কর্মকর্তা।