আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচারের মামলায় একজনের ১০ বছরের দণ্ড
চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মী, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগের মামলায় মো. হারুন (৩৬) নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেন লোহাগাড়ার আধুনগরের মো. হারুন। ২০১৭ সালের ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত একাধিক ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য দিয়ে তিনি এসব পোস্ট দেন।
আদালত সূত্রে জানা গেছে, লোহাগাড়া থানা যুবলীগের আহ্বায়ক ফজলে এলাহী পোস্টগুলো দেখার পর ওই বছরের ১৯ জুন নগরের কোতোয়ালি থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দুই বছর জামিনে মুক্তি পান হারুন। এরপর থেকে তিনি পলাতক। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২০ সালের ১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।