তৃণমূলের সুপ্ত মেধাকে একই সুতোয় গাঁথতে দেশজুড়ে চলা ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার এবারের আসর বসছে ঢাকা ও নরসিংদীতে। ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়—এই তিন পর্যায়ে অনুষ্ঠিত হবে। এবার প্রতিভা দেখানোর পালা রাজধানী ও এর পাশের জেলা নরসিংদীর শিক্ষার্থীদের।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ মে শুক্রবার ঢাকার মতিঝিল ও শাহজাহানপুর থানার শিক্ষার্থীদের জন্য মেধার লড়াই শুরু হবে সকাল আটটায় কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। একই দিন রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি কলোনী উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অংশ নেবে শেরেবাংলা নগর, কাফরুল ও মিরপুর মডেল থানার নির্দিষ্ট কিছু এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
পরদিন ১৬ মে শনিবার নরসিংদীর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ঘোড়াদিয়া উচ্চবিদ্যালয়ে। পুটিয়া বাজার রোড এলাকার এই ভেন্যুতে নরসিংদী জেলার সব স্কুল–কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য অঞ্চলের সূচিও দ্রুতই জানিয়ে দেওয়া হবে।
ইতিমধ্যে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের প্রায় সব জেলায় আঞ্চলিক পর্ব সফলভাবে শেষ হয়েছে। বিশেষ করে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, সবুজবাগ, মুগদা, মিরপুর মডেল থানার একাংশ, দারুসসালাম, উত্তরা, ডেমরা, রূপগঞ্জ, নিউমার্কেট, লালবাগ, ভাটারা, কাফরুল, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, ওয়ারী, সূত্রাপুর, যাত্রাবাড়ী, ধানমন্ডি, হাজারীবাগ, রমনা, হাতিরঝিল, তেজগাঁও, মিরপুর-১১ ও ১২, রূপনগর ও পল্লবীসহ অধিকাংশ এলাকায় অডিশন সম্পন্ন হয়েছে। সারা দেশের মোট ১০০টি স্থানে পর্যায়ক্রমে এই প্রতিভা অন্বেষণ চলবে।
তিনটি ভিন্ন বিভাগে বিভক্ত এই প্রতিযোগিতায় প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা জুনিয়র স্কুল গ্রুপে এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিডল স্কুল গ্রুপে অংশ নিচ্ছে। এ ছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে হাইস্কুল ও কলেজ গ্রুপ। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও চিত্রাঙ্কনের পাশাপাশি ছোটদের জন্য গল্প বলা এবং বড়দের জন্য রয়েছে উপস্থিত বক্তৃতার আসর।
মেধার এই লড়াই কেবল স্বীকৃতির মঞ্চ নয়, বিজয়ীদের জন্য থাকছে বড় অঙ্কের শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডার প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকা করে শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানারআপ ও সেকেন্ড রানারআপ প্রত্যেকে পাবে যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
এ ছাড়া ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য রয়েছে কম্পিউটার উপহার। সব মিলিয়ে বিজয়ীদের জন্য থাকছে ১ কোটি টাকার বেশি মূল্যের উপহার ও বৃত্তি।
আয়োজকদের মতে, ‘মার্কস অলরাউন্ডার’ কেবল জয়-পরাজয়ের মঞ্চ নয়, বরং শিশু-কিশোরদের সৃজনশীলতা শাণিত করে তাদের আগামীর পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার একটি অনন্য ক্যানভাস। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য এবং রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.marksallrounder.com ঠিকানায়। প্রয়োজনে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে যোগাযোগ করা যাবে ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।