টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান
সাংবাদিক ইলিয়াস খান টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেওয়ার আগে পত্রিকাটির উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সাংবাদিক নেতা ইলিয়াস খান বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনে দীর্ঘ তিন দশক ধরে কাজ করছেন। টেলিভিশন টক শোতে পরিচিত মুখ তিনি।
জাপানের ফরেন প্রেস সেন্টারের (এফপিসি) ফেলো ইলিয়াস খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত অবস্থায় দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে পত্রিকাটিতে এক যুগ কাজ করেন। তিনি দুই দফায় দৈনিক আমার দেশে কূটনৈতিক রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) জ্যেষ্ঠ প্রশিক্ষক এবং চায়না রেডিও ইন্টারন্যাশনালের (সিআরআই) বেইজিং কার্যালয়ে ফরেন এক্সপার্ট হিসেবে কর্মরত ছিলেন।