হৃদ্‌রোগবিশেষজ্ঞ আফজালুর রহমানের নতুন গবেষণা উপস্থাপন

হৃদ্‌রোগবিশেষজ্ঞ আফজালুর রহমান প্যারিসে আন্তর্জাতিক হৃদ্‌রোগ সম্মেলনে তাঁর গবেষণা উপস্থাপন করেনছবি: বিজ্ঞপ্তি

ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক হৃদ্‌রোগ সম্মেলন ‘ইউরো পিসিআর’-এ বাংলাদেশের প্রখ্যাত হৃদ্‌রোগবিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান তাঁর নতুন গবেষণা উপস্থাপন করেছেন। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক। ১৯ থেকে ২২ মে আন্তর্জাতিক এই হৃদ্‌রোগ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আফজালুর রহমানের গবেষণার বিষয় ছিল কার্ডিয়াক ইন্টারভেনশনাল টিম ট্রান্সফার পদ্ধতিতে হৃদ্‌রোগের ইন্টারভেনশনাল চিকিৎসা। তিনি নতুন ধারণার এই চিকিৎসা পদ্ধতির নাম দিয়েছেন, ‘রিভার্স পিসিআই’ পদ্ধতি। এই গবেষণা হৃদ্‌রোগের ইন্টারভেনশনাল চিকিৎসা দেশব্যাপী সম্প্রসারণে একটি নতুন ধারণা হিসেবে আন্তর্জাতিক মহলে আগ্রহ সৃষ্টি করেছে।

হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লক হলে অনেক ক্ষেত্রে করোনারি স্টেন্ট (হার্টের রিং) প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এ ধরনের চিকিৎসার জন্য দক্ষ ইন্টারভেনশনাল হৃদ্‌রোগবিশেষজ্ঞ, প্রশিক্ষিত ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ও নার্সের সমন্বয়ে বিশেষ টিম প্রয়োজন হয়। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এ ধরনের দক্ষ জনবল সীমিত।

আফজালুর রহমান তাঁর গবেষণায় দেখিয়েছেন, যেসব হাসপাতালে ক্যাথ ল্যাব রয়েছে কিন্তু দক্ষ টিম নেই, সেখানে বিশেষজ্ঞ টিমকে প্রয়োজন অনুযায়ী স্থানান্তরের মাধ্যমে সফলভাবে পিসিআই বা স্টেন্ট প্রতিস্থাপন করা সম্ভব। তিনি ঢাকার একটি হাসপাতালে ৫৫৯ জন রোগীর ওপর পরিচালিত গবেষণার তথ্য উপস্থাপন করেন।

গবেষণায় দেখা যায়, স্থানীয় চিকিৎসকদের সহযোগিতায় নির্দিষ্ট সময়ের জন্য বিশেষজ্ঞ টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে সফলভাবে চিকিৎসা দিতে পারে। এর মাধ্যমে সীমিত জনবল ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক হৃদ্‌রোগ চিকিৎসা সম্প্রসারণ করা সম্ভব হবে।

পিসিআর অনলাইন জার্নাল ইতিমধ্যে গবেষণাপত্রটির সারমর্ম প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, জনবলসংকটে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য ‘রিভার্স পিসিআই’ মডেল একটি কার্যকর ও বাস্তবসম্মত সমাধান হতে পারে।