স্ত্রীসহ সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

আব্দুস সালাম মুর্শেদীছবি: সংগৃহীত

কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও তাঁর স্ত্রী সারমিন সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, খুলনা-৪ আসনের সাবেক এমপি ও বাফুফের সাবেক সহসভাপতি মো. আবদুস সালাম মুর্শেদী ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগটির অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সে জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ যাওয়া ঠেকানো একান্ত আবশ্যক।

সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী পেশায় ব্যবসায়ী। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা–৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছর ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে বন্দী আছেন।