দাম বাড়ানোর প্রতিবাদ ও খাবারের মান নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার রাত সাড়ে আটটার দিকে মূল ফটকে তালা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবহনের অতিরিক্ত ভাড়া, ক্যাম্পাসে খাবারের নিম্নমান এবং আবাসন সমস্যার সমাধানসহ পাঁচ দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ। বুধবার রাত সাড়ে আটটার দিকে তাঁরা এ বিক্ষোভ করেন। রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসে তালা খুলে দেন ছাত্রলীগের নেতা–কর্মীরা।

বিক্ষোভ করা ছাত্রলীগের নেতা–কর্মীরা সংগঠনের উপপক্ষ ‘সিক্সটি নাইনের’ অনুসারী হিসেবে পরিচিত। বিক্ষোভের সময় তাঁরা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের পাঁচটি দাবি হলো—১. খাবারের মান বাড়ানো ও দাম কমানো, ২. পরিবহনের ভাড়া নিয়ন্ত্রণ, ৩. আবাসন–সংকট দূর করা, ৪. বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ও ৫. পানি–সংকটের সমাধান করা।

বিক্ষোভে অংশ নেওয়া ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ ভূইয়া প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে আশপাশের লোকজন সিন্ডিকেট করে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও বাস সবকিছুর ভাড়া দুই থেকে সাত গুণ পর্যন্ত বেশি রাখা হচ্ছে। এ ছাড়া আবাসিক হলে বিদুৎ সরবরাহ নিশ্চিত হচ্ছ না, গোসলের জন্য হলে পানি পাওয়া যায় না। ভর্তি পরীক্ষা দিতে এমনিতে অনেক শিক্ষার্থী হলে এসে থাকছেন। এ অবস্থায় সবাইকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিক্ষোভের ফলে প্রায় দেড় ঘণ্টা ক্যাম্পাসে বন্ধ ছিল যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা৷

এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে ঢাকার মোহাম্মদপুর থেকে মেয়েকে নিয়ে এসেছিলেন রাবেয়া বসরী নামের এক অভিভাবক। তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মেয়ের পরীক্ষা শেষ হয়েছে। রাত আটটায় তাঁদের বাস ছাড়ার কথা ছিল। কিন্তু ছাত্রলীগের এ অবরোধের কারণে সাড়ে নয়টা হয়ে গেলেও তাঁরা আটকে আছেন।

মোহাম্মদ ওয়াহিদ নামের এক ভর্তি পরীক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে কী নিয়ে ঝামেলা হয়েছে তা তাঁরা জানেন না। তবে এক ঘণ্টা ধরে তাদের বাস ফটকের বাইরে আটকে রয়েছে। কখন ছাড়বে তা–ও জানেন না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দুটি পক্ষে বিভক্ত। একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী, আরেক পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসাবে নিজেদের ক্যাম্পাসে পরিচয় দেন। এ দুটি পক্ষের আবার ১১টি উপপক্ষ রয়েছে। এর মধ্যে দুটি মহিবুলের আর নয়টি নাছিরের অনুসারী। সিক্সটি নাইন নিজেদের নাছিরের অনুসারী হিসেবে পরিচয় দেয়। এ উপপক্ষটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

জানতে চাইলে ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে সবকিছুর দাম বেশি রাখা হচ্ছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে ছাত্রলীগের নেতা–কর্মীদের নিয়ে রাত নয়টার দিকে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের পুলিশ বক্সে এ বৈঠক হয়। এ সময় প্রক্টর নূরুল আজিম সিকদার, সহকারী প্রক্টর আহসানুল কবীর, অরূপ বড়ুয়া, সৌরভ সাহা, মোহাম্মদ রোকন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে বাড়তি ভাড়া ও খাবারের মান নিয়ে প্রক্টরিয়াল বডি আরও গুরুত্ব দিয়ে কাজ করবে।’