প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটির সঙ্গে বিইউএফটির সমঝোতা স্মারক সই

বিইউএফটি কার্যালয়ে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে করমর্দন করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান (ডান থেকে দ্বিতীয়) এবং ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন (ডান থেকে তৃতীয়) বিইউএফটি ও ডিপিডিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাছবি: বিইউএফটির সৌজন্যে

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিস্ক) প্রতিষ্ঠার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিইউএফটি কার্যালয়ে গত বৃহস্পতিবার আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, উপাচার্য (মনোনীত) আইয়ুব নবী খান, সহ–উপাচার্য (ভারপ্রাপ্ত) আলমগীর হোসাইন এবং ডিপিডিটির মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পেটেন্ট ও শিল্পনকশা) অশোক কুমার রায় এবং উপপরিচালক (পেটেন্ট) হাবিবুর রহমান।

এ উদ্যোগের মাধ্যমে পেটেন্ট ডেটাবেজ, প্রযুক্তিগত তথ্য ও সহায়ক সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করে গবেষণা ও উদ্ভাবন জোরদার করা হবে এবং মেধাস্বত্বের সুরক্ষা, বাণিজ্যিকীকরণ ও হস্তান্তর উৎসাহিত করা হবে।

চুক্তি অনুযায়ী, ডিপিডিটি জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে টিস্ক নেটওয়ার্ক সমন্বয় করবে এবং প্রশিক্ষণসহ বৈশ্বিক পেটেন্ট তথ্যভান্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করবে। অন্যদিকে বিইউএফটি প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও পরিচালনব্যবস্থা নিশ্চিত করবে এবং একাডেমিক ও শিল্প খাতে টিস্ক সেবার প্রসার ঘটাবে। তিন বছর মেয়াদি এই চুক্তি পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য।