বিশ্বের অষ্টম জনবহুল দেশ আমাদের বাংলাদেশ, আয়তনে বিশ্বে ৯৩তম আর এশিয়ায় ২৬তম। ছোট আয়তনের এই দেশে বাস করে প্রায় ১৮ কোটি মানুষ। পৃথিবীর অন্যতম উচ্চ জনঘনত্বের এ দেশে জনসংখ্যার পরিমাণগত ও গুণগত উভয় ক্ষেত্র ও ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট অংশীজন সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে কি? আগামী এক দশকে বাংলাদেশের জনসংখ্যার গতিপ্রকৃতি কেমন হবে, তা ভাবনায় রেখে কার্যক্রম চলছে কি? জনসংখ্যার সঠিক গুণগত উপাত্তের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে কি? জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৮টি মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখছে কি?
বাংলাদেশের আগামী দশকের উন্নয়নযাত্রা নির্ধারণে জনসংখ্যা হবে একই সঙ্গে একটি বড় সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ। জনসংখ্যার আকার, বয়সকাঠামো, জন্মহার ও মৃত্যুহারের পরিবর্তন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির পরিবর্তন ইত্যাদি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ টেকসই উন্নয়নের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করবে। বর্তমানে বাংলাদেশও বিশ্ব জনমিতিক পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও প্রযুক্তিগত রূপান্তরের এক মহাপ্রবণতার মধ্যে রয়েছে। ফলে আগামী দশকের মূল প্রশ্ন হবে: কত মানুষের দেশ হবে বাংলাদেশ? কীভাবে এই জনসংখ্যাকে দক্ষ, সুস্থ, উৎপাদনশীল ও মানবিক উন্নয়নের শক্তিতে রূপান্তর করা যাবে?
আগামী দশকের মাঝামাঝি সময় হবে বাংলাদেশের প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অর্জন করার অনুকূল সময়। জন্ম ও মৃত্যুহার হ্রাসে জনমিতিক রূপান্তর মডেলের তৃতীয় পর্যায়ে পৌঁছে বাংলাদেশের জনসংখ্যার বয়সকাঠামোতে যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, সে অনুযায়ী ২০৩৬ সাল পর্যন্ত নির্ভরশীলতার হার সবচেয়ে অনুকূলে থাকবে। অতি সম্প্রতি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষকেরা চীনের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ কীভাবে জনমিতিক লভ্যাংশ অর্জন করতে পারে—এ বিষয়ে একটি গবেষণা সম্পাদন করেছি।
বার্ধক্যমুখী জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলা, জনমিতিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষেত্রে পরিবর্তনগুলো বিবেচনায় রেখে এবং তাঁদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে।
সেখানে দেখতে পেয়েছি, আগামী ২০৩৬ সালে বাংলাদেশের জনসংখ্যা পৌঁছে যাবে প্রায় ২০ কোটিতে। ১৫-৬৪ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যা পৌঁছে যাবে চূড়ান্ত পর্যায়ে, তখন নির্ভরশীলতার হার হবে সর্বনিম্ন। কিন্তু পরবর্তী সময়ে বেড়ে যাবে; বিশেষ করে বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে, শিশুদের সংখ্যা কমবে। ২০৩৬ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৬ দশমিক ৫৭ শতাংশ (প্রায় সাড়ে ১১ কোটি মানুষ) কর্মক্ষম বয়সের অন্তর্ভুক্ত হবে। ফলে জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগের সদ্ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৃহৎ কর্মক্ষম ও যুব জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তিতে পরিণত করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।
তবে এ ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে: সুশিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে যথাযথ বিনিয়োগ না হলে এই সম্ভাবনা জনমিতিক বোঝায় পরিণত হতে পারে। তার ফলে যুবসমাজের বেকারত্বের হার অতি উচ্চ হতে পারে এবং সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে। কর্মক্ষম বয়সের এই বিশাল জনগোষ্ঠীকে যথাযথভাবে কাজে লাগাতে প্রয়োজন মানসম্মত শিক্ষা, কারিগরি ও ডিজিটাল দক্ষতা, কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, উৎপাদনশীল বিনিয়োগ ও সুশাসন। চীনের মতো মানবপুঁজি গঠনে শিক্ষা ও স্বাস্থ্যে টেকসই বিনিয়োগ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশে আগামী এক দশকে বার্ধক্যমুখী জনসংখ্যা ক্রমেই বাড়বে। বর্তমানে এ দেশের প্রায় ৭ শতাংশ (প্রায় ১.২ কোটি মানুষ) ৬৫ বছর বা তার বেশি বয়সী। ২০৩৬ সালে ৬০ বছরের বেশি বয়সী মানুষ হবে ১২ দশমিক ২৬ শতাংশের বেশি। ৬৫ বছরের বেশি বয়সী ৮ দশমিক ৫২ শতাংশ। এ ক্ষেত্রে ২০২৭ সালেই বাংলাদেশ ‘এইজিং সোসাইটিতে’ পরিণত হবে। ফলে বার্ধক্যমুখী জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলা, জনমিতিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষেত্রে পরিবর্তনগুলো বিবেচনায় রেখে এবং তাঁদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। এর মধ্য দিয়েই দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ অর্জন সফল করতে হবে।
দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা বয়স্কদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও সংকুচিত কর্মশক্তির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। যুবক ও সক্রিয় প্রবীণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো, বয়স্কদের জন্য সামাজিক সুরক্ষা এবং টেকসই উন্নয়ন সম্ভব হতে পারে। ফলে জনমিতিক পরিবর্তনের জন্য এখনই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। পেনশন, সামাজিক সুরক্ষা, দীর্ঘমেয়াদি পরিচর্যা, জেরিয়াট্রিক স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য ও পরিবারভিত্তিক পরিচর্যার বিকল্প ব্যবস্থা, সামাজিক সচেতনতা, কমিউনিটিভিত্তিক পরিচর্যা এখন থেকেই গড়ে তুলতে হবে।
আমরা আগামী দশকের জন্য তিনটি সম্ভাব্য দৃশ্যপট লক্ষ করছি, যা সরকার ও অংশীজনদের ভাবনায় থাকা উচিত। প্রথমত, জনমিতিক লভ্যাংশের সফল ব্যবহারে দক্ষ মানবসম্পদ, উৎপাদনশীল কর্মসংস্থান, নারী-পুরুষের সমান সুযোগ এবং কার্যকর সামাজিক সুরক্ষা বাংলাদেশের প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে রূপান্তর করবে। দ্বিতীয়ত, অসম অগ্রগতির উপস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও দক্ষতার ঘাটতি, কর্মসংস্থানের অসামঞ্জস্য, আয়বৈষম্য এবং অপরিকল্পিত নগরায়ণ উন্নয়নের সুফলকে সীমিত করবে। তৃতীয়ত, জনমিতিক চাপ ও উন্নয়নের ঝুঁকিতে কর্মসংস্থানের সংকট, জলবায়ুজনিত স্থানান্তর, স্বাস্থ্য ব্যয়ের বৃদ্ধি এবং বার্ধক্যের জন্য অপর্যাপ্ত প্রস্তুতি অর্থনীতি ও সামাজিক সুরক্ষাব্যবস্থার ওপর চাপ বাড়াবে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে যেসব প্রধান নীতিগত প্রশ্ন আবির্ভূত হয়েছে সেগুলো হলো: ১. জনমিতিক লভ্যাংশ অর্জনে কর্মক্ষম জনগোষ্ঠীকে কীভাবে উৎপাদনশীল কর্মশক্তিতে রূপান্তর করা যাবে?
২. কর্মসংস্থান ও বৈষম্য নিরসনে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল কীভাবে তরুণ, নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে?
৩. প্রজনন ও পরিবার গঠনে পরিবর্তিত প্রজনন–প্রবণতা, বিয়ের বয়স, পরিবার গঠনের সিদ্ধান্ত এবং পরিবার পরিকল্পনার চাহিদার সঙ্গে নীতি কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে? বিশেষ করে বয়স–নির্দিষ্ট প্রজননহার, কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহের উচ্চ হারের বিষয়ে কি লক্ষ্যমুখী কৌশল গ্রহণ ও বাস্তবায়ন দরকার?
৪. বার্ধক্যের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবীণদের স্বাস্থ্য, আয়, মর্যাদা ও পরিচর্যা নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও বাজারের ভূমিকা কী হবে?
বাংলাদেশের আগামী দশকের মূল উন্নয়ন-দর্শন হওয়া উচিত জনসংখ্যাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে মানবসম্পদ, উদ্ভাবন, সামাজিক অগ্রগতি ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা
৫. অভিবাসন ও নগরায়ণে গ্রাম ও শহরের মধ্যে উন্নয়নের সুযোগের ভারসাম্য কীভাবে প্রতিষ্ঠিত হবে?
৬. জলবায়ু ও জনসংখ্যা ইস্যুতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির শিকার জনগোষ্ঠীর অভিযোজন, স্থানান্তর ও পুনর্বাসন কীভাবে নিশ্চিত করা হবে?
৭. বাংলাদেশ পৃথিবীর অন্যতম সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ। উচ্চ জনঘনত্ব ব্যবস্থাপনায় কেন যেকোনো উন্নয়ননীতি ও পরিকল্পনায় জনঘনত্বকে অগ্রাধিকার দেওয়া উচিত?
৮. জনস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও স্বাস্থ্যসমতার ক্ষেত্রে, বিশেষ করে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের অগ্রগতি ধরে রাখার পাশাপাশি কীভাবে অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য, পুষ্টি ও সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা যাবে?
৯. জনমিতিক উপাত্তের গুণগত মান নিশ্চিত করতে পরিকল্পনা ও বাজেট প্রণয়নে জনসংখ্যা-সংক্রান্ত নির্ভরযোগ্য উপাত্ত কী উপায়ে কার্যকরভাবে ব্যবহার করা হবে?
এসব নীতিগত প্রশ্নের আলোকে আগামী এক দশকে জনসংখ্যা ও উন্নয়নের প্রধান অগ্রাধিকারগুলো হওয়া উচিত: ১. মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও পুষ্টিতে বিনিয়োগ; ২. তরুণ–তরুণীদের জন্য মানসম্মত কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতাভিত্তিক অর্থনীতি; ৩. প্রজননস্বাস্থ্য, স্বেচ্ছাভিত্তিক পরিবার পরিকল্পনা পদ্ধতির বৈচিত্র্য ও সেবার নিরবচ্ছিন্ন সরবরাহ ও সবার প্রবেশগম্যতা নিশ্চিত করা; ৪. লিঙ্গসমতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি; ৫. বার্ধক্য ও সামাজিক সুরক্ষায় পেনশন, প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যা; ৬. পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ, সাশ্রয়ী আবাসন, পরিবহন ও নগর স্বাস্থ্যসেবা এবং ৭. উপাত্ত ও সুশাসনব্যবস্থায় নির্ভরযোগ্য জনমিতিক উপাত্ত নিশ্চিত করা, জন্ম-মৃত্যুনিবন্ধন এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ করা।
বাংলাদেশের আগামী দশকের মূল উন্নয়ন-দর্শন হওয়া উচিত জনসংখ্যাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে মানবসম্পদ, উদ্ভাবন, সামাজিক অগ্রগতি ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক বাজেট ও খাতভিত্তিক নীতিতে জনমিতিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা। প্রথম জনমিতিক লভ্যাংশের সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করতে তরুণদের দক্ষতা, স্বাস্থ্য, উদ্ভাবন ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়ানো। শিশু, কিশোর-কিশোরী, কর্মক্ষম বয়সের মানুষ ও প্রবীণদের জন্য সমন্বিত নীতি প্রণয়নে জীবনচক্রভিত্তিক নীতি গ্রহণ করা। জনসংখ্যা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন নীতির সমন্বয় করা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল, অভিবাসনপ্রবণ জনগোষ্ঠী ও শহুরে দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া। উপাত্তনির্ভর সিদ্ধান্ত গ্রহণ জোরদার করা; জনশুমারি, নমুনা জরিপ, জন্ম-মৃত্যুনিবন্ধন, স্বাস্থ্যতথ্য ও অভিবাসন-সংক্রান্ত তথ্যের সঠিক মান ও ব্যবহার উন্নত করা। প্রবীণবান্ধব অর্থনীতি গড়ে তুলতে হবে; স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, পরিচর্যা অর্থনীতি এবং বয়সবান্ধব কর্মসংস্থানের প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে।
* মোহাম্মদ মঈনুল ইসলাম: অধ্যাপক, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়