রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী (নৌকা প্রতীক) এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ বুধবার সকাল সোয়া নয়টার দিকে সিটি করপোরেশনের স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান।
আজ সকাল আটটায় এই সিটিতে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
রাজশাহী সিটির মেয়র পদের ভোট নিয়ে আওয়ামী লীগ ছাড়া অন্য কারও তেমন কোনো আগ্রহ নেই বলে স্থানীয় রাজনীতিকেরা বলছেন।
রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদের প্রার্থী ছিলেন চারজন। চারজনের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জাতীয় পার্টির মেয়রপ্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম। জাকের পার্টির মেয়রপ্রার্থী দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লতিফ আনোয়ার।
সাইফুল ইসলাম ও লতিফ আনোয়ার প্রচারে সেভাবে নামেননি। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও ক্ষমতাসীন দলের প্রার্থী খায়রুজ্জামান ব্যাপক প্রচার চালিয়েছেন।
আজকের ভোটে ক্ষমতাসীন দলের মেয়রপ্রার্থীর জন্য মাঠ অনেকটা খালি বলেই স্থানীয় রাজনীতিকেরা বলছেন।
তবে লড়াই হবে কাউন্সিলর পদগুলোয়। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১১২ জন, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিল পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে তৃতীয় লিঙ্গের একজন নারী কাউন্সিলর পদে লড়ছেন।
সিটি নির্বাচনে ভোটকেন্দ্র ১৫৫টি। ভোটকেন্দ্রগুলোয় ১ হাজার ১৫৩টি ভোটকক্ষ। সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটকেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার অধীন রয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের আয়তন ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটার। ভোটারসংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।