উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় শুক্রবার সকালে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ওই ঘটনায় রাতে পুরান ঢাকার সদরঘাটের একটি লঞ্চ থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আটক ব্যক্তিরা হলেন ভোলার তজুমুদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসান এবং একই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ।
রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির। তিনি প্রথম আলোকে বলেন, সকালে মেহেদি হাসান ও শহীদুল্লাহর নেতৃত্বে উত্তরায় আওয়ামী লীগ ও যুবলীগ যৌথ ঝটিকা মিছিল বের করে। এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিকেলে ডিবির কাছে খবর আসে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া যুবলীগ ও আওয়ামী লীগের নেতা মেহেদি হাসান ও শহীদুল্লাহ ভোলায় যেতে পুরান ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে ভোলাগামী ইলিশা লঞ্চে উঠেছেন। ওই তথ্যের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগ রাতে ইলিশা লঞ্চে অভিযান চালিয়ে মেহেদি ও শহীদুল্লাহকে আটক করে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মেহেদি তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদ ও শহীদুল্লাহ একই উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।