শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএসের সঙ্গে সমঝোতা স্মারক সই

নগদ ও বিডিআরআইএসের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারাছবি: নগদের সৌজন্যে

জন্মসনদের মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পথ সুগম করতে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’।

জন্ম ও মৃত্যুনিবন্ধন পরিচালকের কার্যালয়ে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) এই চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ ও বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকদের পরিচয় যাচাই করে থাকে নগদ। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এনআইডি না থাকায় তাদের অ্যাকাউন্ট খোলার সুবিধা নিশ্চিত করতে এই চুক্তির আওতায় তারা জন্মসনদ ব্যবহারের সুযোগ পাবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার বাধ্যতামূলক।

এই চুক্তির ফলে সরকারি জন্মনিবন্ধন তথ্যভান্ডারের সঙ্গে নগদ সরাসরি যুক্ত হলো, যার মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিক, কাগজবিহীন ও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘বিডিআরআইএসের সঙ্গে এই চুক্তির মাধ্যমে এনআইডি কার্ড না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা দূর হলো। তবে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট তাদের অভিভাবকদের সঙ্গে যুক্ত থাকবে। মা–বাবা চাইলে দেখতে পারবেন তাঁদের সন্তানেরা কোথায় টাকা খরচ করছে।’

উদ্যোগটি সম্পর্কে বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘নগদের সঙ্গে এই সমঝোতা আমাদের জন্মনিবন্ধন সেবাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করার একটি বড় পদক্ষেপ। স্বয়ংক্রিয়ভাবে জন্মসনদ যাচাইয়ের ব্যবস্থা চালু হওয়ায় দ্রুত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে, যা সরকারি উপবৃত্তি বিতরণে পূর্ণ স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে।’

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।