বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
দেশে মাতৃসেবার মান নিয়ে প্রশ্ন
চারবার প্রসব–পূর্ববর্তী সেবা পাচ্ছেন না অর্ধেক গর্ভবতী। দরিদ্ররা সেবা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে।
দেশে মাতৃসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। অর্ধেক মা প্রয়োজনীয় প্রসব–পূর্ববর্তী সেবা পাচ্ছেন না। সরকারি দলিলই বলছে, মাতৃসেবা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছেন সবচেয়ে দরিদ্র শ্রেণির মানুষ।
পরিসংখ্যান বলছে, একবার প্রসব–পূর্ববর্তী সেবা নিচ্ছেন দেশের ৮০ শতাংশের বেশি অন্তঃসত্ত্বা। এই সেবা প্রায় সর্বজনীন পর্যায়ে পৌঁছেছে। তবে সন্তান জন্ম দেওয়ার আগে কমপক্ষে চারবার এই সেবা নেওয়ার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুই বছর আগের একটি গবেষণা বলছে, চারবার প্রসব–পূর্ববর্তী সেবা নিচ্ছেন ৫২ শতাংশ অন্তঃসত্ত্বা। তবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সেবা নেওয়ার হার আরও কম।
এমন পরিস্থিতিতে আজ শুক্রবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাস্থ্য’। দিবসটি পালন উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া বার্তায় সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল কথা হচ্ছে, প্রত্যেক মানুষ প্রয়োজনের সময় মানসম্পন্ন সেবা পাবে।
মানসম্পন্ন মাতৃস্বাস্থ্যসেবা দেওয়া বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন লজিস্টিক সরবরাহের কোনো ঘাটতি নেই। ঘাটতি জনবলের আর জবাবদিহির।অধ্যাপক রওশান আরা বেগম, মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশু স্বাস্থ্যসেবা) মো. মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের স্থাপনাগুলো গত শতকের আশির দশকে তৈরি। অনেক স্থাপনা সেবা দেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে সেবা দেওয়ার মতো প্রশিক্ষিত জনবলের ঘাটতি রয়েছে। মাঠপর্যায়ে ৪০ শতাংশ পদ খালি পড়ে আছে।’
কী পরিস্থিতি
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় ও নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ এবং যুক্তরাষ্ট্রের টেকোমা–পিয়ার্স কাউন্টি স্বাস্থ্য বিভাগের আটজন গবেষক বাংলাদেশে প্রসব–পূর্ববর্তী সেবা ও প্রসবসেবা নিয়ে ৩ হাজার ২৯৩ জন গর্ভবতী মায়ের ওপর একটি গবেষণা করেছেন। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২০ সালের জুন পর্যন্ত এসব মাকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়।
ওই গবেষণায় দেখা যায়, ৯৮ শতাংশ গর্ভবতী মা কমপক্ষে একবার প্রসব–পূর্ববর্তী সেবা নিচ্ছেন। দুবার সেবা নেওয়ার হার ৯১ শতাংশ। দেখা যাচ্ছে, প্রয়োজনীয় সেবার পরিমাণ যত বাড়ছে, সেবা নেওয়া মায়ের হার তত কমছে। গবেষকেরা দেখেছেন, তিনবার প্রসব–পূর্ব সেবা নিচ্ছেন ৭৪ শতাংশ মা এবং চার বা তার বেশিবার সেবা নিয়েছেন ৫২ শতাংশ মা। অর্থাৎ প্রয়োজনীয় প্রসব–পূর্ববর্তী সেবার বাইরে থেকে যাচ্ছেন প্রায় অর্ধেক মা।
তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্র বলছে, একবার প্রসব–পূর্ব সেবা নিচ্ছেন ৮৩ শতাংশ গর্ভবতী মা এবং চারবার নিচ্ছেন ৪৩ শতাংশ মা। করোনা মহামারির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।
আছে বৈষম্য
মাতৃস্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, প্রসব–পূর্ব সেবা নিতে হবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছ থেকে। পাশাপাশি প্রসব হতে হবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সহায়তায়। দুটি ক্ষেত্রেই সমাজের দরিদ্র শ্রেণি পিছিয়ে।
বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণির ৩৫ শতাংশ মা প্রসব–পূর্ববর্তী সেবা পান প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছ থেকে। সমাজের সবচেয়ে ধনিক শ্রেণির মধ্যে এই হার ৮৮ শতাংশ।
প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সহায়তায় প্রসব হলে মাতৃ ও নবজাতক মৃত্যুর ঝুঁকি কমে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য বলছে, সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণির মাত্র ১৮ শতাংশ প্রসূতি প্রসবের সময় প্রশিক্ষিত ও দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা পান। সবচেয়ে দরিদ্র শ্রেণির ৮২ শতাংশ মায়ের প্রসবের সময় পাশে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী থাকে না। সবচেয়ে ধনিক শ্রেণির ৭৩ শতাংশ মা প্রসবের সময় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সহায়তা পান।
টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ সালের মধ্যে কিছু লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি আছে। বলা হয়েছে, প্রশিক্ষিত জনবলের মাধ্যমে প্রসব–পূর্ববর্তী সেবার আওতায় ৯৮ শতাংশ গর্ভবতীকে আনতে হবে।
ওই সময়ের মধ্যে দেশের ৯৮ শতাংশ প্রসবে মায়ের পাশে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী থাকতে হবে। সেবার মান উন্নত না করলে দেশে মাতৃমৃত্যু কমানো সম্ভব হবে না। ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যু কমিয়ে ৭০–এর নিচে আনতে হবে। এখন এক লাখ জীবিত সন্তান জন্ম দিতে গিয়ে ১৬৩ জন মায়ের মৃত্যু হচ্ছে।
মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক রওশান আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘মানসম্পন্ন মাতৃস্বাস্থ্যসেবা দেওয়া বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন লজিস্টিক সরবরাহের কোনো ঘাটতি নেই। ঘাটতি জনবলের আর জবাবদিহির।’