প্রথমার নতুন বই ‘স্বাধীনতার ৫০ বছর: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন’ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে প্রথমা প্রকাশনের নতুন বই
ছবি: প্রথমা

স্বাধীনতা-পরবর্তী ৫০ বছরে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে গওহার নঈম ওয়ারার সংকলিত ও সম্পাদিত বই ‘স্বাধীনতার ৫০ বছর: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন’ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে রাষ্ট্রীয়, বেসরকারি এবং সামাজিক উদ্যোগের নিবিড় পর্যালোচনা নিয়ে এ বই।

প্রাকৃতিক কারণে দুর্যোগ বাংলাদেশের নিত্যসঙ্গী। মানবসৃষ্ট দুর্যোগও এর সঙ্গে যুক্ত হয়েছে। গত ৫০ বছরের বেশি সময় ধরে এই উভয় দুর্যোগ নিয়ে সামাজিক, রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে বহু উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে অনেক অর্জন। তবু রয়ে গেছে বাকি অনেক কাজ। বাংলাদেশ দুর্যোগ মোকাবিলার অভিযাত্রায় আন্তর্জাতিক পরিসরে পা রেখেছে।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সামগ্রিক অর্জন ও শিক্ষাকে এক মলাটের ভেতরে হাজির করেছে এই বই। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোথায় ছিল, এখন কোথায় এসে দাঁড়িয়েছে আর কোন কাজগুলো এখনো বাকি, তার হালনাগাদ বিশ্লেষণ আছে এতে।

গত ৫০ বছরে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার বিকাশ ও প্রতিবন্ধকতাগুলো লেখক ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন। সেসব অভিজ্ঞতা এবং প্রামাণিক দস্তাবেজের আলোকে এই বই লেখা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা, শিশু অধিকার সুরক্ষা এবং শরণার্থী ব্যবস্থাপনার কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে লেখক যুক্ত হয়েছেন বাংলাদেশ ছাড়াও কুর্দিস্তান (ইরাক), সোমালিয়া, মিয়ানমার, ভারত, নেপাল, পাকিস্তান প্রভৃতি দেশে। ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের ‘Disaster Year book’ সম্পাদনা করছেন। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন আন্তর্জাতিক দলিল বাংলায় অনুবাদ ও প্রচার করেছেন তিনি।

বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। ৩৬০ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারিত হয়েছে ৮০০ টাকা। ছাড়ে পাওয়া যাচ্ছে প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রসহ দেশের সব সৃজনশীল ও মননশীল বইয়ের দোকানে। এ ছাড়া বইটি প্রথমা ডটকম ও দেশের সব অনলাইন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।  

লেখক: গওহার নঈম ওয়ারা
অনলাইনে বই কেনা যাবে এই ওয়েবসাইটে গিয়ে।