হামের উপসর্গে ৬ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশুফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামে প্রাণ হারালেন আরও ছয়জন। দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা) হামের উপসর্গে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এ সময় নতুন করে ১ হাজার ৩৫১ জনের মধ্যে হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। সব মিলিয়ে হামের মোট রোগীর সংখ্যা ১ হাজার ৪৬৪ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। ২৪ হাজার ৭২৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের রোগীদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে। এ দুই বিভাগে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।

ঢাকায় আক্রান্ত বেশি

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩৩ জন হামের উপসর্গের রোগী রয়েছে ঢাকা বিভাগে। এ সময় বিভাগটিতে ৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম বিভাগে ২৫৬ জনের মধ্যে উপসর্গের রোগী রয়েছে এবং ৩০ জনের হাম শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে ১৬৬ জনের মধ্যে হামের উপসর্গের রোগী হয়েছে, নিশ্চিত শনাক্ত হয়েছেন ২০ জন।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ১০৭ জন হামের উপসর্গের রোগী হয়েছে। বরিশাল বিভাগে এ সংখ্যা ১০৬, খুলনায় ১০৮, রংপুরে ৪০ এবং রাজশাহীতে ৩৫। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার তথ্য নেই।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১ লাখ ১ হাজার ৪৫ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। এ বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৭২৫। চট্টগ্রাম বিভাগে উপসর্গের রোগী ৪৮ হাজার ৪৭৪ এবং নিশ্চিত রোগী ৩ হাজার ৫৩০ জন। বরিশাল বিভাগে উপসর্গের রোগী ২৫ হাজার ৯৭৭ এবং নিশ্চিত রোগী ৮১৩ জন।