এআইইউবিতে আন্তবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে মুট কোর্ট প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মুট কোর্ট ক্লাবের আয়োজনে চতুর্থ আন্তবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একই অনুষদের সহযোগী ডিন এ বি এম রহমতুল্লাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রিলিমিনারি, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ডে মুট কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও আইনজীবীরা। চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জামিলা এ চৌধুরী।

চার দিনের এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় খান মো. লামিম ইবনে হাবিব, তাসনুভা তাবাসসুম এশারা ও শেখ নাসেরের সমন্বয়ে গঠিত দলটি। অনিমেষ সূত্রধর, দেবাশিস ও আতিয়া আফরিন ইপ্তির সমন্বয়ে গঠিত দল হয় রানার্সআপ।

প্রতিযোগিতায় ‘বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছে মো. হোসেন আহমেদ, নুরনাহার আক্তার সাথী ও সানজিদা বিনতে শামসুদ্দিনের সমন্বয়ে গঠিত দল। এ ছাড়া নুরনাহার আক্তার সাথী ‘সেরা গবেষক’ এবং এস এম সালমান ও ফারহান কবিরকে অনবদ্য পারফরম্যান্সের জন্য ‘বেস্ট মুটার অ্যাওয়ার্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারপতি জাফর আহমেদ। এআইইউবির সহ–উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান চূড়ান্ত পর্বের বিচারকদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ পরিদর্শন করার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।