ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপে শিক্ষক নেটওয়ার্কের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের গৃহীত সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে বিবৃতিটি পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে। এরপর গত রোববার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সিদ্ধান্ত নেয়, অধ্যাপক ইমতিয়াজ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের একাডেমিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, সিন্ডিকেটের এ ধরনের সিদ্ধান্ত নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ১৯৭৩-এর মূলনীতির বিরুদ্ধে গেছে এবং বিদ্যায়তনিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।
গত রোববারের সিন্ডিকেট সভায় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহর ফেসবুক পেজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে একটি ‘মনগড়া ও ভিত্তিহীন’ পোস্টের বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের একটি প্রতিবেদন সভায় উত্থাপন করা হয়। পরে সভায় মুচলেকার শর্তে আমানুল্লাহর ক্ষমার আবেদন মঞ্জুর করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, উভয় ক্ষেত্রে সরকারকে সাক্ষী মানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে মানায় না। দ্বিতীয় ঘটনাটিতে যদি কিছু হয়ে থাকে, তবে সরকারের ‘ভাবমূর্তি’ ক্ষুণ্ন হয়ে থাকতে পারে। বিক্ষুব্ধ পক্ষের হয়ে উপযাচকের মতো সহকর্মীর কাছ থেকে মুচলেকা আদায় দেখে মনে হয়, বিশ্ববিদ্যালয় যেন পুলিশি প্রতিষ্ঠান হওয়ার দিকে এগোচ্ছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে। অথচ সম্প্রতি বিশ্ববিদ্যালয় পরিচালনাকারী শিক্ষক নেতারা যেন সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আগ বাড়িয়ে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা মনে করি, সর্বজনের করের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয় দেশের সব নাগরিকের কাছে দায়বদ্ধ, কোনো সরকার বা রাজনৈতিক দল বা গোষ্ঠীর কাছে নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনসহ দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষক বিবৃতিতে স্বাক্ষর করেছেন।