আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল
আমলাতান্ত্রিক কাঠামোর সমালোচনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আমলারা বাংলাদেশে প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী।’ এমন পরিস্থিতি কেন, তা নিয়ে প্রশ্ন তুলে নিজে সরকারে থাকার অভিজ্ঞতা উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘এটা উনাদের ব্যক্তি হিসেবে দোষ, নাকি আমাদের সিস্টেমের দোষ, আমি জানি না।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন আসিফ নজরুল। ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ নামক বইটির লেখক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আমলাদের কাজে হতাশ হয়ে যান উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমাদের এখানে যারা ইয়াং অফিসার (তরুণ কর্মকর্তা) আছে যাদের স্নেহ করি, আমি তাদের বুঝাই, বাবা, তুমি কিন্তু কেরানি না…ইউ আর আ অফিসার। অফিসারের স্বাধীন বিচার-বুদ্ধি-ক্ষমতা থাকতে হবে।’
উপদেষ্টা হওয়ার আগে শেখ হাসিনার সমালোচনা করার ফলে মানুষ তাঁকে মাথায় তুলে নাচত উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম। আর এখন সারা দিন কাজ করি। কালকে রাতে দুবাই থেকে মিটিং করে এসে রাত আড়াইটা পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে সাড়ে সাতটা থেকে কাজ করেছি, আমার চোখ জ্বলতেছে, মাথা ব্যথা হয়ে গেছে, সারা দিন কাজ করি আর সারা দিন গালি শুনি।’
আইন উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্নীতির গল্প অনেক সময় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন। উদাহরণ হিসেবে তিনি একটি ইউটিউব ভিডিওর কথা উল্লেখ করেন, যেখানে এক জনপ্রিয় ইউটিউবার দাবি করেছিলেন, দুর্নীতি দমন কমিশনের প্রধান নাকি কাউকে শত কোটি টাকা দিয়েছেন। বক্তার ভাষায়, এসব গল্প শেষ পর্যন্ত বিনোদনের উপকরণে পরিণত হয়।
‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইয়ের প্রসঙ্গ তুলে আসিফ নজরুল বলেন, এ ধরনের বই ও লেখা কেবল স্মৃতিকথা নয়, এগুলো রাষ্ট্র, মানবিকতা ও নাগরিক দায়িত্ব নিয়ে গভীর অন্তর্দৃষ্টি দেয়। এসব লেখা আরও বেশি পাঠকের কাছে পৌঁছানো জরুরি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।