‘ছেলে নাই, কাকে নিয়ে শহরে থাকব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসকার বিন তারেক

মেয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থী। ছেলে পড়তেন চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণিতে। মা-বাবার স্বপ্ন ছিল ছেলে বিমানবাহিনীর বড় কর্মকর্তা হবেন। তবে তাঁদের সে স্বপ্ন আর পূরণ হতে পারেনি। গত বছর প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন একমাত্র ছেলে আসকার বিন তারেক (১৮)। গত শনিবার আসকার হত্যার এক বছর পূর্ণ হয়েছে। তবে মামলার প্রধান আসামি মোহন দাশ এখনো ধরা পড়েননি।

ছেলেকে হারানোর দুই মাস পর শহরের বাসা ছেড়ে গ্রামের বাড়ি লোহাগাড়ায় চলে যায় আসকারের পরিবার। তাঁর বাবা এস এম তারেক গত রোববার প্রথম আলোকে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। ছেলে নাই, কাকে নিয়ে শহরে থাকব। তাই গ্রামের বাড়িতে চলে এসেছি।’

গত বছরের ২২ এপ্রিল ছাত্রলীগের কর্মী আসকার প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন। ফেসবুক প্রোফাইলে নিজেকে নগরের জামাল খান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করেছিলেন। গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া জবানবন্দির ভিত্তিতে আদালত সূত্র জানায়, মোহনের ছুরিকাঘাতে খুন হন আসকার।

পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত গত বছরের ২০ এপ্রিল। ওই দিন কাজীর দেউড়ি এলাকায় প্রতিপক্ষের এক ছাত্রলীগ কর্মী ধ্রুব ধরকে মারধর করেন আসকার। এর জেরে ২২ এপ্রিল সন্ধ্যার পর নগরের চেরাগী মোড়ে আসকারের বন্ধু অমিত ধরকে মারধর করেন ধ্রুব। বিষয়টি জানার পর আসকার চেরাগী মোড়ে আসেন। সেখানে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে গেলে আসকারকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার এক দিন পর আসকারের বাবা কোতোয়ালি থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। আসামিদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে।

এই মামলায় সর্বশেষ এ মাসের ৬ এপ্রিল নিলয় দত্ত নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচ আসামি আদালতে আসকার খুনের বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্র জানায়, তাঁরা বলেছেন, মোহনের ছুরিকাঘাতে আসকারের মৃত্যু হয়। এ ছাড়া আসামি ধ্রুব ধর ও রুবেল দত্ত ঘটনায় জড়িত।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ৯ আসামির মধ্যে বেশ কয়েকজন জবানবন্দি দিয়েছেন। মূল আসামি মোহনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষ পর্যায়ে। মোহন, ধ্রুব ও রুবেলকে ধরা না গেলেও মামলার অভিযোগপত্র দিয়ে দেওয়া হবে।

আসকারের বাবা এস এম তারেক পোশাক কারখানায় মালামাল সরবরাহের ব্যবসা করেন। এখন গ্রামের বাড়ি থেকে আসা–যাওয়া করে ব্যবসার কাজ সারেন তিনি। এস এম তারেক প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে অনেক বুঝিয়েছি যেন খারাপ ছেলেদের সঙ্গে না মিশে। কিন্তু পারিনি।’

আসকারের বাবা মামলাটির তদন্ত দ্রুত শেষ করে বিচার শুরুর দাবি জানান। পাশাপাশি এসব কিশোরকে যেসব বড় ভাই ব্যবহার করে, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এই কিশোরেরা বুঝে না বলে বড় ভাইদের ফাঁদে পা দেয়।

আসকারের বাবার অভিযোগ অনুযায়ী, কিশোরদের ব্যবহার করা বড় ভাইয়ের প্রসঙ্গে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, কিশোরেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব–বিরোধে জড়িয়ে পড়ে। ইতিমধ্যে গ্রেপ্তার অনেক আসামি জবানবন্দি দিয়েছে। সেখানে খুনের ঘটনার বর্ণনা এসেছে। খুনের নির্দেশদাতা হিসেবে কিংবা বড় ভাই হিসেবে এখনো পর্যন্ত কারও নাম পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত আছে।

নিহত আসকারের মা শহীদা বেগম আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আর যেন কোনো মা-বাবার বুক খালি না হয়, সে প্রত্যাশা জানিয়েছেন তিনি। শহীদা বেগম প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে ছাড়া কীভাবে বেঁচে আছি, জানি না।’