পা হারানো সালাউদ্দিনকে ১৮ লাখ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
বাসচাপায় পা হারানো সালাউদ্দিন ফকিরকে ক্ষতিপূরণ হিসেবে ১৮ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারীকে ১৫ লাখ টাকা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) ৩ লাখ টাকা দিতে বলা হয়েছে।
এক রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন, ১৫ লাখ টাকার মধ্যে রয়েল এক্সপ্রেস ইতিমধ্যে সালাউদ্দিনকে ১০ লাখ টাকা দিয়েছে। বাকি টাকা রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে রায় পাওয়ার তিন মাসের মধ্যে বিআরটিএ–কে টাকা দিতে বলেছেন হাইকোর্ট।
রায়ের পর বিআরটিএর আইনজীবী রাফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন ফকিরকে নির্ধারিত সময়ে ওই অর্থ পরিশোধ করার সাত দিনের মধ্যে আদালতে হলফনামা (নির্দেশনা বাস্তবায়নসংক্রান্ত) দাখিল করতে রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারী ও বিআরটিএ–কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০১৯ সালের ২৭ অক্টোবর ‘পা হারানো সালাউদ্দিনের সন্তানদের কী হবে’ শিরোনামে প্রতিবেদন একটি দৈনিকে প্রকাশিত হয়। প্রতিবেদনের তথ্য অনুসারে, ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পা হারান সালাউদ্দিন ফকির। তিনি রাজধানীর ধানমন্ডি মধুবাজার এলাকায় চাকরি করতেন। ওই বছরের ১৫ অক্টোবর ঢাকা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফরিদপুরে যাওয়ার সময় ধামরাই থানার কালামপুর এলাকায় বেপরোয়া গতিতে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়।
প্রতিবেদনটি যুক্ত করে সালাউদ্দিনকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে আইনজীবী তাসমিন আক্তার ২০২০ সালের জানুয়ারিতে হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৯ জানুয়ারি হাইকোর্ট রুল দেন। সালাউদ্দিনকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবীর। রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারীর পক্ষে আইনজীবী মুনতাসির শাহীন ও বিআরটিএর পক্ষে আইনজীবী রাফিউল ইসলাম শুনানি করেন।
রিট আবেদনকারীর আইনজীবী হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট ক্ষতিপূরণ হিসেবে রয়েল এক্সপ্রেসের মালিককে রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে সালাউদ্দিনকে ১৫ লাখ টাকা দিতে ও বিআরটিএকে রায় পাওয়ার তিন মাসের মধ্যে ৩ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন।’
রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারীর আইনজীবী মুনতাসির শাহীন প্রথম আলোকে বলেন, ‘শুনানির সময় হাইকোর্ট আদালতের বাইরে দুই পক্ষকে (বাসমালিক ও ভুক্তভোগী) সমঝোতায় বসতে বলেন। সমঝোতা অনুসারে তিন কিস্তিতে সালাউদ্দিন ফকিরের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে এ অর্থ পর্যাপ্ত নয় বিবেচনায় হাইকোর্ট আরও ৫ লাখ টাকা রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে সালাউদ্দিনকে দিতে রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারীকে নির্দেশ দিয়েছেন।’