নর্থ সাউথে সামার সেমিস্টারের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ২০২৩ সালের সামার সেমিস্টারের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।
বিভিন্ন বিভাগের অধীনে স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষায় ৭ হাজার ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। ২৬০ জন শিক্ষক এবং ২০০ জন কর্মকর্তা ভর্তি পরীক্ষা পরিচালনায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ ছিল। অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে আসেন ও পরীক্ষা চলার সময় ক্যাম্পাসে অবস্থান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ও কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম ইসমাইল হোসেন, রেজিস্ট্রার আহমেদ তাজমীন, স্কুল অব হেলথ এন্ড লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক হাসান মাহমুদ রেজা, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক হেলাল আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক জাবেদ বারী, ডিন, স্কুল অব হুমনিটিজ এন্ড সোশ্যাল সাইন্সেসের ডিন অধ্যাপক আবদুর রব খান, অফিস অব অ্যাডমিশনের (আন্ডারগ্রাড) পরিচালক অধ্যাপক কে এম এ সালাম, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী ও বিভিন্ন ডিপার্টমেন্টের পরিচালকেরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
এ সময় সহউপাচার্য ও বিভিন্ন অনুষদের ডিনেরা অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের পক্ষে শুভকামনা জানান। আগামী এক সপ্তাহ এর মধ্যে ভর্তি পরীক্ষার ফল এনএসইউয়ের ওয়েবসাইটের প্রকাশ করা হবে।