বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ: চিফ হুইপ
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, আবুল হাসনাত ও নূরুল ইসলাম।
বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে এই বৈঠক সংসদ প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম। বৈঠকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে।
এবারের নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে ৬৮টি আসন পেয়েছে জামায়াতে ইসলামী এবং ছয়টি আসনে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বাকি আসনগুলোয় জয় পেয়েছে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামী। বিরোধীদলীয় চিপ হুইপ করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে।