সচিবসভায় ২৩ নির্দেশনা
একাধিক কর্মস্থলে দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে
একাধিক কর্মস্থলে দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ কমিটি গঠন করে চিহ্নিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দুর্নীতি দমনে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সেবাপ্রার্থীরা যাতে বিনা হয়রানিতে সেবা পান, তা-ও নিশ্চিত করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সচিবসভার বৈঠকে এমন মোট ২৩টি সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। এ-সংক্রান্ত নির্দেশনাপত্র থেকে এ তথ্য জানা গেছে।
সভায় প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও আওতাধীন সব দপ্তর বা কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রতি দুই মাস পরপর অগ্রগতি প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে।
এ ছাড়া সব কর্মচারীর যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল মেশিনে হাজিরা দিতে হবে। এ জন্য সব দপ্তর বা কার্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন নিশ্চিত করতে নিজ নিজ মন্ত্রণালয় বা সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের হাজিরার তথ্য একটি একক ড্যাশবোর্ডের মাধ্যমে উপস্থাপনের বিষয়ে ব্যবস্থা নিতে হবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগকে।
সচিবসভার ওই বৈঠকে শূন্য পদ পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, নিজ নিজ সাংগঠনিক কাঠামো হালনাগাদ করা, খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ অন্যান্য বিষয়ে সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং প্রকল্প বাস্তবায়নে তদারকি জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়।