এনআইডির কাজ যাচ্ছে স্বরাষ্ট্রে, আইন না হওয়া পর্যন্ত ইসিই করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২’–এর খসড়ার মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে
ছবি: পিআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কাজটি নির্বাচন কমিশনের (ইসি) পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবশ্য আইন না হওয়া পর্যন্ত এই কাজ ইসির অধীনেই থাকবে।

আজ সোমবার মন্ত্রিসভায় ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২’–এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে আইনের খসড়াটি পর্যালোচনা করে বেশ কিছু বিষয়ে সংশোধন করার  বিষয়ে মতামত দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বেশ কিছুদিন ধরে এনআইডি সেবা দেওয়ার কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে আগেও জানানো হয়েছিল, এ কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। কিন্তু একদিকে ইসির ‘আপত্তি’ অন্যদিকে আইন না হওয়ায় এই কাজ সুরক্ষা সেবা বিভাগ করতে পারছিল না। সে জন্যই নতুন আইনের খসড়া আজ মন্ত্রিসভায় তোলা হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এনআইডির কাজটি ইসির চেয়ে সরকারের সরাসরি তত্ত্বাবধানে থাকা বেশি প্রয়োজন। সে জন্য এটি সুরক্ষা সেবা বিভাগের অধীনে আনার সিদ্ধান্ত হয়েছে। পাসপোর্টের কাজটিও হয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে। তবে আইনের যে খসড়াটি সুরক্ষা সেবা বিভাগ এনেছে, মন্ত্রিসভা মনে করে এটির আরও পর্যালোচনা হওয়া দরকার। কারণ, বিদ্যমান আইনে ৩২টি ধারা ছিল। সেখান থেকে কমিয়ে ১৫টি ধারা করা হয়েছে। আবার অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। তাই মন্ত্রিসভা এটি গ্রহণ করেনি। যেমন বিদ্যমান আইনে ৬-৭টি অপরাধের জন্য আলাদা আলাদা দণ্ড ছিল, কিন্তু  আইনের খসড়ায় এই সবগুলোকে এক করে সাত বছরের কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। এগুলোকে আলাদা করেই রাখতে হবে। এ জন্য মন্ত্রিসভা বলেছে, আগের যে ৩২টি ধারা ছিল সে অনুযায়ী করতে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে আগের ৩২টি ধারার অনুরূপ করে আইনের খসড়া করবে।

এ পর্যায়ে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, তাহলে কবে থেকে এনআইডির কাজটি সুরক্ষা সেবা বিভাগের অধীনে হবে? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ পর্যন্ত আইন না হবে, ততক্ষণ পর্যন্ত এখন যেভাবে আছে, সেভাবেই চলতে থাকবে ইসির অধীনে। আইনটি যত দিন পর্যন্ত গেজেট আকারে জারি না হবে, তত দিন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসবে না। তবে আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। খসড়াটি মন্ত্রিসভায় চূড়ান্ত হতে এক মাস লাগবে বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুরক্ষা সেবা বিভাগের অধীনে এলেও এখানে কাজের ক্ষেত্রে সংশ্লিষ্টদের (যেমন পাসপোর্ট) প্রবেশের সুযোগ থাকবে। নির্বাচন কমিশন চাইলেও ১৮ বছরের বেশি বয়সীদের বিষয়ে তথ্য নিতে পারবে। এটি ইসির বিষয়। তারা যদি মনে করে এই তথ্য নিয়ে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হবে, তাহলে তা পারবে।

আরও পড়ুন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের সিদ্ধান্ত হলো সবার জন্য একক পরিচয়পত্র (ইউনিট আইডি) থাকবে। জন্মের সঙ্গে সঙ্গে যে নিবন্ধন হবে, সেই নম্বরই সব জায়গায় নম্বর হিসেবে ব্যবহার হবে। আজ থেকে পাঁচ-ছয় বছর পর এটি হবে। তবে বয়স্কদের ক্ষেত্রে এটি সম্ভব হবে না। আর এনআইডি জন্মের পরপরই হয়ে যাবে।

সুরক্ষা সেবা বিভাগের অধীনে কাজটি কীভাবে হবে, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিধি দিয়ে তা নির্ধারিত হবে।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে স্বাক্ষরের জন্য দ্বিপক্ষীয় বিমান চলাচলসংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আর জাতীয় বিমা দিবসকে ‘খ’ শ্রেণি থেকে উন্নতি করে ‘ক’ শ্রেণির দিবস ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।