আর ৩৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি প্রথম আলো

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ২৭ জন ও ঢাকার বাইরে ১২ জন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৬১ হাজার ৮৮৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৯৭০ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৯১৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৮৭ জন, ঢাকার বাইরের হাসপাতালে ২২৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৪ জন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৬৯ জন এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় ১০৫ জন।

চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৫২৫ জন। দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।