ফ্যান্টাসি কিংডমে আনন্দে মেতে উঠেছে কৃতী শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যান্টাসি কিংডমে ঢাকা বিভাগের কৃতী শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের সংবর্ধনা উৎসব চলছে
ছবি: দীপু মালাকার

‘জায়গাটা খুব সুন্দর, আয় ছবি তুলি’ বলেই সাবিহা তাবাসসুম ‘আহসান মঞ্জিলের সিঁড়ির’ ওপর গিয়ে বসল। ছুটে গিয়ে তার সঙ্গে বসলে তাইয়েবা সুলতানা, জয়িতা অস্মিতা রায়। মুঠোফোনের ক্যামেরা চালু করে তাদের মায়েরা ‘সীতাকোট বিহারের’ সামনে দাঁড়িয়ে ব্যস্ত হলেন মেয়েদের ছবি তুলতে। কিন্তু পুরান ঢাকার আহসান মঞ্জিলের পাশে দিনাজপুরের সীতাকোট বিহার এল কেমন করে!

কেবল এই দুটি প্রাচীন স্থাপনাই নয়, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের ঐতিহ্য চত্বরে রয়েছে লালবাগ কেল্লা, ষাটগম্বুজ মসজিদ, কান্তজির মন্দির, জাতীয় সংসদ ভবনসহ দেশের আরও অনেক ঐতিহ্যবাহী স্থাপনার অনুকৃতি। পাশেই রক্তিম ফুলে ফুলে ভরে থাকা পলাশগাছ। সেখানেই তাবাসসুমদের মতো ছবি তুলতে ব্যস্ত ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’য় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের অনেকে।

আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ফ্যান্টাসি কিংডমে ঢাকা বিভাগের কৃতী শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের সংবর্ধনা উৎসব চলছে। এতে অংশ নিচ্ছে প্রায় নয় হাজার শিক্ষার্থী। উৎসব চলবে টানা বিকেল অবদি। কৃতী শিক্ষার্থীরা ছবি তোলা, রাইডে ওঠা, ঘোরাঘুরির আনন্দে মেতে আছে।

রাইডগুলোতে চড়তে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে শিক্ষার্থীরা
ছবি: দীপু মালাকার

গতকাল সোমবার প্রথম দিনের উৎসবে অংশ নেয় প্রায় আট হাজার শিক্ষার্থী। প্রথম আলো এই আনন্দ উৎসবের আয়োজন করেছে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায়। এতে সহযোগিতা করছে ফ্রেশ, কনকর্ড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। চিকিৎসা সহায়তা দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।

মেয়ের মতো মায়েরাও বন্ধু হয়েছেন

উৎসবে উপস্থিত তাবাসসুমের মা জোবায়দা আক্তার ও জয়িতার মা প্রতিমা রায় জানান, তাঁদের মেয়েরা ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী। প্রথম শ্রেণি থেকেই মেয়েরা একসঙ্গে পড়ছে। মেয়েদের ছয়জনের একটি দল। তারা সবাই জিপিএ-৫ পেয়েছে। তাই মেয়েরাসহ তাঁরা সবাই মাইক্রোবাস ভাড়া করে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন। মেয়েদের বাবারা কেউ চাকরি করেন, কেউ ব্যবসায়ী। তাঁদের সময় নেই। মেয়েদের স্কুলে আনা-নেওয়া থেকে শুরু করে এই উৎসবে আসার সব দায়িত্ব মায়েরাই সামলেছেন। মেয়েদের মতো মায়েরাও পরস্পরের বন্ধু হয়ে গেছেন। মেয়েদের মতো তাঁরাও বেশ আনন্দ করছেন।

লম্বা লাইন

উৎসবে আসা কৃতী শিক্ষার্থীদের প্রথমত সারি ধরতে হচ্ছে দুবার। প্রবেশপথের বাইরে বুথের সারি। সেখান থেকে নিবন্ধনপত্র দেখিয়ে প্রবেশের রিস্ট ব্যান্ড, রাইডের টিকিট নিয়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরে ঐতিহ্য চত্বরের পাশে আরেক সারি বুথ। সেখান থেকে লাইন দিয়ে তারা সংগ্রহ করছে কৃতিত্বের সনদপত্র, ক্রেস্ট, সকালের খাবার ও দুপুরের খাবারের কুপন। ব্যস, এরপর বন্ধুদের নিয়ে দল বেঁধে ঘোরাঘুরি, ছবি তোলা, লাইন দিয়ে রাইডে ওঠার পালা।

অবশ্য লম্বা লাইন পড়েছে রাইডগুলোর সামনেও। দেখা গেল শিক্ষার্থী রিফাত তাসনিম রোলার কোস্টারে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছে। রাইডের পাশেই তাসনিমের বাবা আবদুর রউফ তাঁর স্ত্রী নূর আফজা ও ছোট মেয়ে সুমাইয়াকে নিয়ে অপেক্ষা করছিলেন। রউফ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বড় মেয়ে রিফাত মেরুল বাড্ডার সিরাজমিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে। রউফ বললেন, তাঁরা সবাই মিলে খুব আনন্দ করছেন। প্রথম আলোর এই আয়োজন ছেলেমেয়েদের ভবিষ্যতে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।

নাতনি রওজা বিনতে হাসানকে নিয়ে শহীদুল্লা মৃধা এসেছেন যাত্রাবাড়ীর ব্যাংক কলোনি এলাকা থেকে। রওজার বাবা নারায়ণগঞ্জে গেছেন, ব্যবসার কাজে। সংসারের কাজ ও ছোট বোনকে সামলাতে ব্যস্ত মা। তাই রওজাকে উৎসবে নিয়ে এসেছেন নানা। রওজা জানাল, সে মতিঝিল আইডিয়াল কলেজে ভর্তি হয়েছে। বাণিজ্য বিভাগে পড়ছে। পড়াশোনা শেষে তাঁর ব্যাংকার হওয়ার ইচ্ছা।

বন্ধুদের নিয়ে দল বেঁধে ঘোরাঘুরি, ছবি তোলা, লাইন দিয়ে রাইডে উঠছে শিক্ষার্থীরা
ছবি: দীপু মালাকার

প্রথম আলোর বুথে বিশেষ প্যাকেজ

প্রথম আলো পত্রিকা ও ম্যাগাজিনের বুথ রয়েছে ঐতিহ্য চত্বরের পাশেই। এখানে বিশেষ প্যাকেজে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা—এই দুটি ম্যাগাজিন দেওয়া হচ্ছে ছয় মাস ও এক বছরের জন্য। এখানে ছয় মাসের প্যাকেজে নিলে পাওয়া যাবে সাত মাসের ম্যাগাজিন। আর এক বছরের প্যাকেজে পাওয়া যাবে ১৪ মাসের ম্যাগাজিন। প্রতি মাসে নতুন সংখ্যা বাড়িতে পৌঁছে যাবে। ডাক মাশুল লাগবে না।

ম্যাগাজিন ছাড়া বাসায় নিয়মিত প্রথম আলো বা ম্যাগাজিন রাখতে চাইলে এখানে নাম–ঠিকানা নিবন্ধন করার সুযোগ রয়েছে। এতে বাসায় নিয়মিত পত্রিকা বা ম্যাগাজিন সরবরাহের ব্যবস্থা করা হবে বলে বুথের কর্মীরা জানালেন।

এখানে দল বেঁধে এসেছিল ডেমরার দারুল জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মেরাজ আহমেদ, সদরউদ্দিনসহ ১৪ সহপাঠী। তারা সবাই এবার দাখিলে জিপিএ ৫ পেয়ে কামিলে ভর্তি হয়েছে। তারা জানাল, তাদের মাদ্রাসায় প্রথম আলো পত্রিকা রাখা হয়। সেখানে তারা নিয়মিত পত্রিকা পড়ে। পত্রিকা থেকেই সংবর্ধনার বিষয়টি জেনেছে। এরপর নিবন্ধন করে উৎসবে অংশ নিতে এসেছে। এখানে এসে তাদের খুব আনন্দ হচ্ছে।

বইয়ে ছাড়, চরকিতে ফ্রি সাবস্ক্রিপশন

প্রথমা প্রকাশনীর স্টল রয়েছে ফ্যান্টাসি পার্কের মূল ফটকের পাশে। এখানে প্রথমার সব বইয়ে দেওয়া হচ্ছে শতকরা ২৫ ভাগ ছাড়।
এ ছাড়া অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে কৃতী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ১৫ দিনের ফ্রি সাবস্ক্রিপশন। এর জন্য শিক্ষার্থীরা যে সাইট থেকে নিবন্ধন করেছে, সেই সাইটে গিয়ে রাত আটটার পর লগইন করলেই সাবক্রিপশনটি পাওয়া যাবে।

মঞ্চের অনুষ্ঠান

আজ উৎসবের মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বেলা একটার পর। আলোচনা পর্বে অতিথি থাকবেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য তানভীর হাসান ও শিখো সহপ্রতিষ্ঠাতা জিসান জাকারিয়া।

সাংস্কৃতিক পর্বে মঞ্চ মাতাবেন ব্যান্ডদল চিরকুট, আরিফিন শুভ, আরফান মৃধা, কোনাল, ঋতুরাজ, নন্দিতা, আফসান আরা বিন্দু ও অবন্তী সিঁথি।

এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ শুরু হয় ১৬ জানুয়ারি, চট্টগ্রাম থেকে। সারা দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এই আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় ফ্যান্টাসি কিংডমে আয়োজিত হলো দুই দিনব্যাপী ঢাকা বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা।

ফ্যান্টাসি কিংডমে শিক্ষার্থীরা আনন্দে মেতেছে
ছবি: দীপু মালাকার

এবার সারা দেশে প্রায় ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে সংবর্ধনার জন্য নিবন্ধন করেছে এক লাখের বেশি শিক্ষার্থী।

প্রথম আলো তার যাত্রা শুরু থেকেই নতুন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত, অনুপ্রাণিত করতে তাদের সংবর্ধনা দিয়ে আসছে। ১৯৯৯ সালে শুরু হয়েছিল মেধা তালিকায় সেরাদের সংবর্ধনা দেওয়া। জিপিএ পদ্ধতি শুরু হওয়ার পর ২০০১ সাল থেকে চলছে সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার বিপুল আয়োজন।