দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ভূমিকম্পপ্রতীকী ছবি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ মঙ্গলবার ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানিয়েছে, আজ ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। এটি ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

গ্রাফিকস: প্রথম আলো

এই ভূমিকম্পটিকে ‘স্বল্পমাত্রার’ বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবীর আজ প্রথম আলোকে বলেন, যেখানে ভূমিকম্পটি হয়েছে, সেটি কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। এখানে যে ভূমিকম্প হয়েছে, সেটা এমনিতেই হালকা। এর আগেও এখানে ভূমিকম্প হয়েছে। এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই।