ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৬০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ৩৬০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ২৮২ জন এবং ঢাকার বাইরে ৭৮ জন। বর্তমানে দেশে মোট ১ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ১ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে ২৯২ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪ হাজার ৬২১ জন এবং ১ হাজার ৩০৩ জন ঢাকার বাইরের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৮ জন মারা গেছেন। এর মধ্যে ২৫ জনের মৃত্যুই হয়েছে চলতি জুন মাসে।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। দেশে বড় আকারে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল ২০০০ সালে। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।