বিএনপি জনগণকে ক্ষমতায় বসাতে চায়: মির্জা ফখরুল
বিএনপি জনগণকে ক্ষমতায় বসাতে চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় না। এ দেশের মানুষের ভোটের অধিকার, চাকরির অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বিএনপি। এ জন্য বিএনপি জনগণকে ক্ষমতায় বসাতে চায়।
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় আজ বুধবার ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পর্যায়ক্রমে দেশের ছয়টি বিভাগীয় শহরে এই সমাবেশ হবে। ‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগান এ সমাবেশের মূল প্রতিপাদ্য।
দেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ সময় এসেছে স্বাধীনতা রক্ষার। এ জন্য তরুণ, যুবকদেরই এগিয়ে আসতে হবে। সব মানুষকে, রাজনৈতিক দলকে এক করতে হবে। তরুণেরা এগিয়ে এলে দেশের মানুষের রুটি-রুজির ব্যবস্থা হবে। ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তাদের (আওয়ামী লীগকে) আর বিশ্বাস করা যায় না।
বাজারে জিনিসপত্রের দামে আগুন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তেল, সবজি, চিনি, লবণ, ডিম, মুরগির দাম বেড়ে গেছে। দেশের মানুষের পকেট কেটে সব অর্থ বিদেশে পাঠিয়ে দিয়েছে তারা। তিনি বলেন, ‘আজ সাংবাদিকেরা লিখতে পারেন না। সত্য কথা লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হচ্ছে। ফটোগ্রাফার শহীদ ভাই নির্যাতিত হয়েছেন। সাংবাদিক রোজিনা ইসলাম ও শামসুজ্জামানকেও কারাগারে যেতে হয়েছে। সাগর, রুনি হত্যার কোনো ক্লু বের করতে পারেনি সরকার।’
বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার-নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, দেশে কোনো বিচার নেই।
সমাবেশের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। তাদের নির্ভরশীলতা পুলিশের কিছু অংশ, র্যাব ও সরকারি কর্মকর্তারা। কারণ, তাদের সঙ্গে কেউ নেই। দেশেও নেই, বিদেশেও নেই। আর বিএনপির নির্ভরশীলতা দেশের লাখ, কোটি মানুষ।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লা, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, আবদুল আউয়াল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রমুখ।
এদিকে সকাল থেকে নগরে জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। নগরের ওয়াসা মোড়, লালখান বাজার মোড়, লাভ লেন থেকে শুরু করে কাজীর দেউড়ি মোড় পর্যন্ত লাল, সবুজ ও হলুদ টুপি পরা নেতা-কর্মীদের ভিড় ছিল। তাঁরা নানা স্লোগান দেন।