শিক্ষানুরাগী মেহেরুননেসা চৌধুরী মারা গেছেন

মেহেরুননেসা চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন নাহার হলের সাবেক প্রাধ্যক্ষ শিক্ষানুরাগী মেহেরুননেসা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। আজ শুক্রবার বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মেহেরুননেসা চৌধুরী ১৯৬২ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত বরিশাল মহিলা কলেজে শিক্ষকতা করেন এবং পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত রোকেয়া হলের হাউস টিউটর এবং ১৯৭২ সালে একই হলের প্রাধ্যক্ষ নিযুক্ত হন।

মেহেরুননেসা ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শামসুন নাহার হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টিএসসির স্টুডেন্ট কাউন্সিলর ছিলেন। তিনি লালমাটিয়া কলেজের চেয়ারপারসন ও বোর্ড অব ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে মেহেরুননেসা চলচ্চিত্রকার ও দীপ্ত টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ চৌধুরীর মা এবং সাবেক সংসদ সদস্য আমিনুল হকের স্ত্রী।