এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ

মতিউর রহমানফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এর আগে মতিউর রহমানকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে দুদক। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত মতিউর রহমানকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেন। একই সঙ্গে আদালত তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গতকাল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেন আদালত। মাসুদ বিশ্বাস ও লায়লা কানিজকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। মাসুদ বিশ্বাস ও লায়লা কানিজকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক।

আরও পড়ুন

গত বুধবার সকালে মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে লায়লা কানিজকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে লায়লার স্বামী এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাঁদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে ৬ জানুয়ারি পৃথক তিনটি মামলা করে দুদক।