সড়কে মা-বাবা হারানো শিশু
‘আব্বু-আম্মুর মিষ্টি’ এখন স্কুলে যায়
ঢাকার মাতুয়াইলে গত বছরের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও নানাকে হারায় শিশুটি।
‘আসলে ওর নাম “মিষ্টি” না, আব্বু-আম্মু “মিষ্টি মিষ্টি” বলে ডাকত।’
আট বছরের যে শিশুকে ‘মিষ্টি’ বলে ডাকছিলাম, তার ভাই শাহরিয়ার (১৩) ফাঁস করে দিল নামের রহস্য। সে আরও বলল, ‘মিষ্টি ওর ডাকনামও না। ওর ডাকনাম সাকিরা। পুরো নাম রূপসা খান।’ ভাইয়ের কথায় ঘাড় নাড়িয়ে সায় দিল রূপসাও।
রূপসা ও শাহরিয়ার সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মা-বাবা ও নানাকে হারানো দুই শিশু। গত বছরের ২১ জানুয়ারি বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে তাদের মা শারমিন আক্তার (৩২), বাবা মো. রিয়াজুল ইসলাম খান (৪০) ও নানা আবদুর রহমান ব্যাপারী (৬০) মারা যান।
রূপসাও সেদিন আহত হয়েছিল। তবে সে বেঁচে গেছে। এ বছর জানুয়ারি থেকে সে স্কুলে ভর্তি হয়েছে।
মামারা চেয়েছেন মা-বাবা হারানো ভাই-বোন একসঙ্গে বড় হোক। একজন আরেকজনের আশ্রয় হিসেবে বড় হতে শিখুক।তানভীর আহমেদ, রূপসার ছোট মামা
দুই ভাই-বোনের সঙ্গে গতকাল সোমবার কথা হচ্ছিল তাদের ছোট মামা তানভীর আহমেদের বাসায়, রাজধানীর মাতুয়াইলে। সকাল আটটায় মাতুয়াইলের ভুট্টো চত্বরের মাজার রোডে তিনতলা বাড়িটির তৃতীয় তলায় তানভীর আহমেদের ফ্ল্যাটে পৌঁছানোর পর দরজায় দাঁড়িয়ে স্বাগত জানায় রূপসা। তার মুখে হাসি। দুর্ঘটনায় তার মাথায় যে আঘাত লেগেছিল, সে চিহ্ন এখন আর দেখা যায় না। কারণ, তার চুল বড় হয়েছে।
রূপসাকে দেখতে গত বছরের ১৯ ফেব্রুয়ারি তার মামার বাসায় গিয়েছিলাম। সে সময় তার মাথা ন্যাড়া ছিল। লাল টুপি দিয়ে ন্যাড়া মাথা ঢেকে রেখেছিল সে। এবার বলল, ওই সময় (দুর্ঘটনার পর) তার মাথা ন্যাড়া না করলে এখন চুল আরও লম্বা হতো।
রূপসাকে ভর্তি করা হয়েছে বাসার কাছাকাছি হলি কেয়ার নামের একটি স্কুলে, দ্বিতীয় শ্রেণিতে। তার ভাই শাহরিয়ারকে ভর্তি করা হয়েছে সপ্তম শ্রেণিতে। রূপসার ক্লাস ৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে। শাহরিয়ারের শুরু হবে আজ মঙ্গলবার থেকে। সকালে দেখা গেল, ডায়েরি খুলে মামার সাহায্য নিয়ে ব্যাগ গোচ্ছাচ্ছে রূপসা। পরে নিজের কক্ষে গিয়ে স্কুলের পোশাক (ইউনিফর্ম) ও মোজা পরে বেরিয়ে এল। স্কুলের পোশাক পরতে সাহায্য করছিল তার ভাই। পরে মামা জুতা পরিয়ে দেন। মামার সঙ্গে রূপসা স্কুলে রওনা হয়। ক্লাস শুরু ৯টায়।
মামা তানভীর আহমেদ প্রথম আলোকে জানান, মা-বাবার মৃত্যুর পর রূপসা বরিশালে দাদাবাড়িতে ছিল বেশ কিছু সময়। শাহরিয়ারকে দাদাবাড়ির পাশে স্কুলে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাদের মামারা চেয়েছেন মা-বাবা হারানো ভাই-বোন একসঙ্গে বড় হোক। একজন আরেকজনের আশ্রয় হিসেবে বড় হতে শিখুক। সেই চিন্তা থেকে গত বছরের আগস্ট মাসে তিনি দুই ভাই-বোনকে মাতুয়াইলে তাঁর বাসায় নিয়ে আসেন। তিনি আরও জানান, রূপসার মা গত বছর বরিশালে মেয়েকে স্কুলে ভর্তি করতে চেয়েছিলেন। দুর্ঘটনার কারণে সেটা হয়নি। প্রথম শ্রেণির পড়া গত বছর বাড়িতে শেষ করিয়ে এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করানো হয়েছে রূপসাকে।
রূপসার স্কুলে গিয়ে জানা গেল, তার শিক্ষকেরাও দুর্ঘটনার বিষয়ে জানেন। হলি কেয়ার স্কুলের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) ও শিক্ষক নাদিয়া রহমান প্রথম আলোকে বলেন, রূপসার মামা ও মামি এসে দুই ভাই-বোনকে স্কুলে ভর্তি করিয়ে যান। তাঁরা বলেছিলেন, ওদের মা-বাবা নেই। শিক্ষকেরা যেন ওদের অভিভাবকের দৃষ্টিতে দেখেন।
ক্লাসে সহপাঠীদের সঙ্গে খুনসুটিতে মেতেছিল রূপসা। শ্রেণিশিক্ষক আকলিমা আক্তার বললেন, পড়ালেখায় রূপসা যথেষ্ট আগ্রহী।
পড়াশোনা করে রূপসা কী হতে চায়, তা জানিয়েছে তার মামা তানভীর আহমেদকে। তিনি (তানভীর) বলেন, রূপসা চিকিৎসক হতে চায়।
রূপসা এখন জানে মা-বাবা আর ফিরবেন না
রূপসার বাবা রিয়াজুল ছিলেন বরিশালের ভবানীপুরে কার্শা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার ইউনিট ব্যবস্থাপক। পরিবারসহ তিনি বরিশালেই থাকতেন। ঢাকায় এসেছিলেন রূপসার নানি শাহেদা বেগমকে দেখতে। জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত শাহেদা ঢাকার মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নেমে রিয়াজুল স্ত্রী, শ্বশুর ও রূপসাকে নিয়ে শ্যালকের বাসায় যাচ্ছিলেন। মাতুয়াইলে তাঁদের বহনকারী অটোরিকশাকে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। রূপসা মাথা ও কপালে আঘাত পেয়েছিল। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। শাহরিয়ার দুর্ঘটনার সময় তাদের সঙ্গে ছিল না।
মা-বাবা ও নানাকে হারানোর পাঁচ দিন পর ক্যানসারে আক্রান্ত নানিকেও হারায় রূপসা। স্বজনেরা জানান, দুর্ঘটনার পর হাসপাতালে থাকার সময় শিশু রূপসা প্রায়ই মা-বাবার কাছে ফিরতে চাইত। তাকে এই বলে বোঝানো হতো যে মা-বাবা অসুস্থ নানির কাছে আছেন। নানি সুস্থ হলে ফিরবেন। রূপসা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মা-বাবার কাছে যাওয়ার আকুতি জানালে বলা হয়েছিল, মা-বাবা বিদেশে।
মামা তানভীর আহমেদ বলেন, গত আগস্টে রূপসাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসকেরা বলেন, দুর্ঘটনার বিষয়টি জানালে রূপসা মা-বাবা হারানোর কষ্টের সঙ্গে ধীর ধীরে আত্মস্থ হবে। মা-বাবার জন্য অপেক্ষা করে থাকা শিশুমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে ঘটনার সাত মাস পর রূপসাকে জানানো হয় মা-বাবার মৃত্যুর কথা।
মামা জানান, সব শোনার পর কিছুক্ষণ চুপ করে ছিল রূপসা। এরপর সে বলে, তার কিছু কিছু ঘটনা মনে পড়ছে। অটোরিকশার এক পাশে বসেছিল বাবা, মাঝখানে নানা, আরেক পাশে মা, সে মায়ের কোলে বসে ছিল।
তার মনে আছে একটা বাস অটোরিকশার দিকে এগিয়ে আসছে। এরপরের স্মৃতি তার মনে আছে যে তাকে হাসপাতালের একদিকে নেওয়া হচ্ছিল, মা-বাবাকে আরেক দিকে নেওয়া হচ্ছিল।
ক্ষতিপূরণ সাড়ে চার লাখ টাকা
স্কুলে রূপসার ক্লাস চলছিল। একফাঁকে গেলাম তার মামা তানভীর আহমেদের প্যাকেজিং কারখানায়, যেটা স্কুল থেকে বেশি দূরে নয়। তিনি জানান, দুর্ঘটনার পর সেন্ট মার্টিন পরিবহনের বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে তাঁরা মামলা করেছিলেন। তবে মামলাটি বেশি দূর এগোয়নি। দুই শিশুকে নিয়ে আদালত-থানায় দৌড়াতে দৌড়াতে মানসিক চাপও পড়েছে। সেসব বিবেচনায় সাড়ে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে মামলাটি প্রত্যাহার করা হয়। রূপসার বাবার অফিস থেকে ১৪ লাখ টাকা পাওয়া গেছে। টাকাগুলো রূপসা ও শাহরিয়ারের নামে ব্যাংকে গচ্ছিত রাখা হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ভাই-বোন সেই অর্থ পাবে।
রূপসার ক্লাস শেষ হওয়ার আগে আগে তার স্কুলে ফিরে গেলাম। সেখানে তখন রূপসার মামা, মামি, ভাই ও মামাতো বোন উপস্থিত। ছুটির ঘণ্টা বাজার পর ক্লাস থেকে বেরিয়ে রূপসা স্কুল প্রাঙ্গণে থাকা দোলনায় কিছুক্ষণ দোল খেয়ে ছুটল মামার দিকে।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ২০২২ সালে দেশে ৭ হাজার ৭৭৩ জন মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। কোনো মা-বাবা হারিয়েছেন তাঁদের সন্তানকে। কোনো শিশু হারিয়েছে মা-বাবাকে।
মামা-মামি বললেন, ‘রূপসা কখনো কখনো মা-বাবার কথা বলে। গত শনিবার ঘুম থেকে উঠে বলেছিল, স্বপ্নে সে স্কুলের বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছে। এক বন্ধু তার কাছে জানতে চেয়েছে, “তোমার মা-বাবা কোথায়?” স্বপ্নে মা-বাবা কাছেই ছিল। সে আঙুল তুলে দেখিয়েছে, “ওই তো!”’
গোছানো জীবন থেকে মা-বাবার ছায়া সরে গেলে সেই পথ চলা সহজ হয় না। রূপসার মামার কথা মতো দুই ভাই-বোন হোক একে অপরের আশ্রয়।