এক দিন পর চট্টগ্রাম থেকে চলল পণ্যবাহী ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন
প্রতীকী ছবি

বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) অস্থায়ী শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এক দিন পর পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

গতকাল বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম থেকে পণ্যবাহী কোনো ট্রেন চলেনি। পরে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে কনটেইনারবাহী একটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আরেকটি ট্রেন ছাড়বে।

সিজিপিওয়াইয়ের প্রধান ইয়ার্ড মাস্টার মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেছেন, বেতন বকেয়া থাকায় অস্থায়ী শ্রমিকেরা খাবার ও মেসের বিল দিতে পারছিলেন না। এখন তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই কর্মবিরতি প্রত্যাহার করেছেন শ্রমিকেরা।

মো. আবদুল মালেক আরও বলেন, আজ সিজিপিওয়াই থেকে কনটেইনার, জ্বালানি তেলবাহী পাঁচটি ট্রেন চলাচল করবে।

পয়েন্টসম্যান মো. রুমান বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আপাতত কর্মবিরতি প্রত্যাহার করে তাঁরা কাজে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, ২৯ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে আবার আন্দোলনে যাবেন তাঁরা।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) ৪০ জন অস্থায়ী শ্রমিক আছেন। আর চট্টগ্রাম থেকে গতকাল বুধবার ঢাকাসহ বিভিন্ন স্টেশনে মোট ছয়টি পণ্যবাহী ট্রেন চলার কথা ছিল। এর মধ্যে তিনটি কনটেইনারবাহী, দুটি তেলবাহী এবং একটি গমের ট্রেন। কিন্তু ওই দিন একটি ট্রেনও ছেড়ে যায়নি।