২৪ বছর পূর্তি উদ্যাপন করল প্রিমিয়ার ব্যাংক
‘সেবা ও সাফল্যের অগ্রযাত্রায় ২৪ বছর’ উদ্যাপন করল বেসরকারি খাতে অন্যতম ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে কেক কেটে উদ্যাপন উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এইচ বি এম ইকবাল। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকদের মধ্যে সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, এম ইমরান ইকবাল (চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি), জামাল জি আহমেদ, স্বতন্ত্র পরিচালক কাইজার এ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম।
প্রিমিয়ার ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ বি এম ইকবাল বলেন, ‘শুরুটা হয়েছিল সেই ১৯৯৯ সালে। তার পর থেকে সেবা ও সাফল্যের অবিরাম যাত্রায় বিগত ২৪ বছরে আমরা সবার বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি।’ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সেবা ও সাফল্যের এই পথচলা অব্যাহত থাকবে।
২৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ও প্রিমিয়ার ব্যাংক-ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করে। বিজ্ঞপ্তি