সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতফাইল ছবি

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত আজই ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরেও অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট ছকে কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করে অপরাধ করেছেন ইমা ক্লেয়ার বার্টন। এ ছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ দখলে রাখায় অপরাধ করেছেন। এ জন্য দুদক তাঁর বিরুদ্ধে একটি মামলা করে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগ করার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে ব্যাঘাত সৃষ্টি হবে। এতে মামলার তদন্ত বিঘ্নিত হওয়ার পাশাপাশি তদন্ত কার্যক্রমের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।