আঁরার চাটগাঁ উৎসবে দর্শকের ভিড়

চট্টগ্রাম জেলার মানচিত্র

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের উদ্যোগে ‘আঁরার চাটগাঁ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মেজবান হলে মঙ্গলবার দিবাগত রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য, কথামালা আর বিশেষ টকশো দিয়ে সাজানো হয় পুরো আয়োজন।

সন্ধ্যা সাতটায় শুরু হয় মূল অনুষ্ঠান। তবে তার আগেই কানায় কানায় হল পূর্ণ হয়ে যায়। অপেক্ষার পালা শেষে আলো ঝলঝলমলে মঞ্চে হাজির হন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, রবির অ্যাক্টিং সিইও অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম রিয়াজ রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল এবং চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল কোরিওগ্রাফার আজরা মাহমুদ।

স্বাগত বক্তব্যে শিহাব আহমেদ বলেন, চট্টগ্রামের সঙ্গে রবির নিবিড় সম্পর্ক। দীর্ঘ ২৫ বছর ধরে রবি সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আর এ পথচলায় চট্টগ্রামবাসী রবিকে গভীরভাবে সমর্থন দিয়েছে। ডিজিটাল বাংলাদেশের সব শ্রেণিপেশার মানুষকে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে রবি। টেলিকম সেবার প্রথম দিন থেকেই চট্টগ্রামের গ্রাহকেরা রবির সঙ্গে ছিলেন। গ্রাহকেরা রবির প্রতি গভীর আস্থা, অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছেন। এটি অত্যন্ত গৌরবের।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আঁরা চাটগাঁইয়া—এ শব্দ দুটির মধ্যে আবেগ জড়িয়ে আছে। গান্ধী বলেছিলেন, চট্টগ্রাম পথ দেখায়। আসলেই তাই। চট্টগ্রাম এক শ বা দুই শ বছরের কোনো শহর নয়, এটি হাজার বছরের পুরোনো নগর। এখানে আলাদা সংস্কৃতি, ভিন্ন ভাষা, বৈচিত্র্যময় খাবারদাবার। রবির সঙ্গে চট্টগ্রামের নিবিড় সম্পর্ক। রবি মানে সূর্য। সূর্য আলো দেয়। রবিও প্রযুক্তি খাতে আলো ছড়িয়ে দিচ্ছে। গ্রাহকের মনের গভীরে জায়গা করে নিয়েছে।

রবির সব গ্রাহককে শুভেচ্ছা জানিয়ে এম রিয়াজ রশীদ বলেন, প্রযুক্তির সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে রবি। রবি মানুষের প্রাযুক্তিক জীবনকে সহজ করে দিয়েছে। রবি এখন সবচেয়ে আধুনিক। সেই আধুনিকতার হাত ধরে দেশের প্রযুক্তিগত উন্নয়নে সাহায্য করছে।

অনুষ্ঠানে চট্টগ্রামের রবির শীর্ষ এন্টারপ্রাইজ গ্রাহক, সবচেয়ে পুরোনো গ্রাহক, এলিট গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা ও বিক্রয় প্রতিনিধিদের পুরস্কার দেওয়া হয়। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল কুইজ প্রতিযোগিতাও।

মঞ্চে তারার মেলা

কেবল শেষ হয়েছে আলোচনাপর্ব। সঞ্চালক আজরা মাহমুদ বললেন, এবার মঞ্চে চমক নিয়ে আসবেন এ প্রজন্মের তরুণ অভিনেতা সিয়াম আহমেদ ও সাফা কবির। ঘোষণা শেষ হওয়া মাত্রই দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন। এরপর চট্টগ্রামের আঞ্চলিক গান ‘কইলজার ভিতর গাঁথি রাইক্‌কুম’, ‘মধু হই হই’-সহ আরও বেশ কিছু গানে নৃত্য পরিবেশন করেন সিয়াম ও সাফা। মঞ্চে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল। তিনি রবির সঙ্গে পথচলার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, , ‘রবি উদ্ভাবনী চিন্তা ও দারুণ সব আয়োজনে গ্রাহককে বেঁধে রেখেছে। তাদের নেটওয়ার্ক ব্যবস্থা এখন বেশ শক্তিশালী। অনেক বড় বড় প্রতিষ্ঠানকে আমি দেখেছি। কিন্তু রবি আদতে একটি পরিবারের মতো। রবির মাধ্যমে অনেক দিন পর চট্টগ্রামে আসতে পারলাম। এ জন্য রবিকে ধন্যবাদ।’

রবি কর্তৃপক্ষ তামিম ইকবাল, অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সাফা কবিরকে রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেয়। তাঁরা দুই বছরের জন্য অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ ও শিরিন।