শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সহায়তা দিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) পোর্টাল।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীনের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আইসিটি সেলের প্রোগ্রামার মো. হাফিজুর রহমান কিউআরটি পোর্টালের প্রাথমিক কাঠামো ও কার্যপ্রণালি উপস্থাপন করেন।

পোর্টালে দেখানো হয়, শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত কিউআরটি সেবায় প্রবেশ করতে পারবেন। সেখানে সহায়তার জন্য আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হবে।

প্রাথমিক প্রদর্শনী শেষে সাইটটিকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। সভায় সাইটটির বিভিন্ন ফিচার সংযোজন, তথ্য ব্যবস্থাপনা ও জরুরি যোগাযোগব্যবস্থা নিয়ে উপস্থিত ব্যক্তিরা তাঁদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এসব পরামর্শ পরবর্তী পর্যায়ে সাইটের উন্নয়নে কাজে লাগানো হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়ানো। যেকোনো সংকটময় পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেন দ্রুত প্রশাসনিক সহায়তা পান, সেটিই নিশ্চিত করবে এই পোর্টাল।

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিন এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।