কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলে ফুলপরী খাতুনকে নির্যাতনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচ ছাত্রীকে (সানজিদার অনুসারী) এক বছরের জন্য একাডেমিক, আবাসিক বা অন্যন্য সব কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। ১৫ জুলাই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার এ তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। অপর চার ছাত্রী হলেন হালিমা আক্তার, ইসরাত জাহান, তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান। শুনানি নিয়ে আদালত ২৬ জুলাই পরবর্তী দিন রেখেছেন।
গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে আটকে রেখে ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে অমানবিক নির্যাতন করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করার পর বিষয়টি সারা দেশে আলোচনার জন্ম দেয়। ওই ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইবির সাবেক শিক্ষার্থী গাজী মো. মহসীন রিট করেন।
প্রাথমিক শুনানি নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল, নির্দেশনাসহ আদেশ দেন। এর মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ও কমিটির প্রতিবেদন দাখিলের বিষয়টিও ছিল। তিন সদস্যের কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে গত ১ মার্চ হাইকোর্ট তদন্ত প্রতিবেদনে নাম আসা পাঁচ ছাত্রীকে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার (সাসপেন্ড) করাসহ কয়েক দফা নির্দেশ-আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে বলা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।
আদালতে রিটের পক্ষে আইনজীবী গাজী মো. মহসীন নিজে শুনানি করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী বি এম আবদুর রাফেল শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী মোল্লা জীবন আহমেদ।
পরে আইনজীবী গাজী মো. মহসীন প্রথম আলোকে বলেন, ‘বহিষ্কারের ক্ষেত্রে যথাযথ ফোরাম অনুসরণ করা হয়নি। আইন অনুসারে প্রথমে উপাচার্য শাস্তি দেবেন, উনি সন্তুষ্ট না হলে; অর্থাৎ তুলনামূলক শাস্তি কম হলে তখন শৃঙ্খলা কমিটির কাছে পাঠাবেন। উপাচার্য বহিষ্কার না করে এখানে শৃঙ্খলা কমিটি করেছেন—শুনানিতে বলেছি। এ বিষয়ে আইনি দিকগুলো হলফনামা আকারে দাখিল করতে বলেছেন আদালত। বিশ্ববিদ্যালয়ের আইনজীবীকেও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেছেন। ২৬ জুলাই পরবর্তী দিন রেখেছেন।’